হাসপাতালের বেডেই থেমে গেল জীবন যুদ্ধ জমি বিরোধে আহত আলামিনের মৃত্যু
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
জমি-জমার পুরনো বিরোধের জেরে নৃশংস হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন মোঃ আলামিন (৩০)। শেষ পর্যন্ত সেই লড়াইয়ে হার মানলেন। শনিবার (২ আগস্ট) রাত ১০টায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
মোঃ আলামিন বগুড়ার শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নের ভাদাইকান্দি গ্রামের বাসিন্দা। গত ২৮ জুলাই সকাল ১০টা ৪০ মিনিটে বগুড়া শহরে যাওয়ার পথে তিনি নির্মম হামলার শিকার হন। অভিযোগ উঠেছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একই গ্রামের প্রতিবেশী মোঃ আতিকুর রহমান (২৭), মোঃ বশির (২৫) ও মোঃ আবু হোসেন (২৭)—তিনজন মিলে তাকে পূর্বপরিকল্পিতভাবে আক্রমণ করে।
স্থানীয়রা জানান, আলামিনকে রাস্তা থেকে ধরে নিয়ে যাওয়া হয় মোঃ জহুরুল ইসলামের বাঁশঝাড়ে। সেখানে তাকে লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায় হামলাকারীরা। পরে পরিবার ও এলাকাবাসী তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এক সপ্তাহেরও বেশি সময় চিকিৎসাধীন থাকার পর শনিবার রাতে তিনি মারা যান।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিবারের সদস্যদের দাবি, হামলাকারীরা দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধে লিপ্ত ছিল এবং পূর্বপরিকল্পিতভাবেই এই হামলা চালায়। ইতিমধ্যে এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।।

No comments