শিরোনাম

এক সপ্তাহ পর নওগাঁয় রৌদ্রোজ্জ্বল আবহাওয়া: জনজীবনে স্বস্তি

​সিজান সিদ্দিকী, নওগাঁ প্রতিনিধি:

​উত্তরের জেলা নওগাঁয় টানা এক সপ্তাহের হাড়কাঁপানো শীত ও ঘন কুয়াশার দাপট কাটিয়ে অবশেষে দেখা মিলেছে কাঙ্ক্ষিত সূর্যের। এই স্থানে গত কয়েক বছরে বেশ কয়েকবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। 

আজ বুধবার (৩১ ডিসেম্বর) সকাল থেকেই মেঘের আড়াল চিরে রোদ উঠলে কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবনে স্বস্তি ফিরে এসেছে।

​গত প্রায় সাত দিন ধরে এ অঞ্চলে সূর্যের দেখা পাওয়া যায়নি বললেই চলে। উত্তর দিক থেকে বয়ে আসা হিমেল হাওয়া আর ঘন কুয়াশার কারণে দিনভর অন্ধকারাচ্ছন্ন পরিবেশ বিরাজ করছিল। তবে আজ ভোর থেকে কুয়াশা কাটতে শুরু করে এবং সকাল ১০ টায় ঝলমলে রোদে চারপাশ আলোকিত হয়ে ওঠে।

​দীর্ঘদিন পর রোদ ওঠায় সবচেয়ে বেশি স্বস্তি প্রকাশ করেছেন খেটে খাওয়া মানুষ ও নিম্ন আয়ের বাসিন্দারা। স্থানীয় বাজারের ভ্যানচালক রবিউল ইসলাম বলেন, "কয়েক দিন ধরে হাত-পা জমে যাচ্ছিল ঠান্ডায়। ভ্যান নিয়ে বের হওয়া যাচ্ছিল না। আজ রোদ ওঠায় শরীরটা একটু গরম হয়েছে, কাজ করতেও ভালো লাগছে।"

​বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র, নওগাঁর তথ্যমতে, "আজ সকাল ৬ টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১২.২ ডিগ্রী সেলসিয়াস এবং দুপুর ৩ টার পর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে  ২০.৫ ডিগ্রী সেলসিয়াস।" সেক্ষেত্রে বিগত দিনের চেয়ে আজ তাপমাত্রা অনেকটাই বেড়েছে। 

আকাশ পরিষ্কার থাকলে আগামী কয়েক দিন এমন রৌদ্রোজ্জ্বল আবহাওয়া অব্যাহত থাকতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।

No comments