বাগেরহাটের চার আসনে জমজমাট নির্বাচন: দুই ভাই সহ ৩২ প্রার্থীর মনোনয়ন দাখিল
চ্যানেল টেন ডেস্কঃ
ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাটঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসনে মনোনয়ন দাখিল শেষ হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) নির্ধারিত সময়ের মধ্যে দুই সহোদরসহ মোট ৩২ জন প্রার্থী জেলা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্যমতে, বাগেরহাট-১ আসনে ১১ জন, বাগেরহাট-২ আসনে ৮ জন, বাগেরহাট-৩ আসনে ৭ জন এবং বাগেরহাট-৪ আসনে ৬ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। দলীয় প্রার্থীদের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক স্বতন্ত্র প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ এইচ সেলিম ব্যতিক্রমীভাবে একাই তিনটি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন, যা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।
🔹 বাগেরহাট-১ (চিতলমারী, মোল্লাহাট ও ফকিরহাট)
এই আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন দলের প্রার্থীরা মনোনয়ন দাখিল করেন। পাশাপাশি বিএনপির বিদ্রোহী হিসেবে এম এ এইচ সেলিম ও শেখ মাসুদ রানাসহ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী অংশ নিয়েছেন।
🔹 বাগেরহাট-২ (সদর ও কচুয়া)
এই আসনে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন আপন দুই ভাই—সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম। তারা দু’জনই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন।
🔹 বাগেরহাট-৩ (মোংলা ও রামপাল)
এখানে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, জেএসডিসহ বিভিন্ন দলের প্রার্থীদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হিসেবেও মনোনয়ন জমা দিয়েছেন এম এ এইচ সেলিম।
🔹 বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ ও শরণখোলা)
এই আসনে বিএনপি, জামায়াত, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। পাশাপাশি বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবেও একজন মনোনয়ন জমা দেন।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা গোলাম মো. বাতেন জানান, মনোনয়ন দাখিলের পুরো প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নির্বাচনের পরবর্তী সব কার্যক্রমও একইভাবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে।
No comments