ব্রাহ্মণবাড়িয়ার শীর্ষ দুই নেতাসহ বিএনপির ৯ নেতা বহিষ্কার
সামজাদ জসি,ব্রাহ্মণবাড়িয়াঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সাংগঠনিক সিদ্ধান্ত অমান্যের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া জেলার সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা, বাঞ্চারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশসহ ৯ জন নেতাকে বহিষ্কার করেছে।
বহিষ্কৃতদের প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়,দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা এবং দলীয় শৃঙ্খলার পরিপন্থী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
দলীয় সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে বহিষ্কৃত কয়েকজন নেতা দলীয় অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক বক্তব্য ও কর্মসূচিতে যুক্ত ছিলেন। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে একাধিকবার সতর্ক করা হলেও তাঁদের আচরণে কোনো পরিবর্তন না আসায় শেষ পর্যন্ত সাংগঠনিকভাবে কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়।
বিএনপি নেতারা বলছেন, চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দলীয় ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে কারণেই শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হচ্ছে না। দলীয় আদর্শ ও সিদ্ধান্তের প্রতি আনুগত্য নিশ্চিত করতেই এই বহিষ্কার।
বিএনপির পক্ষ থেকে আরও জানানো হয়, ভবিষ্যতেও কেউ দলীয় সিদ্ধান্ত অমান্য করলে বা সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়ালে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ব্যারিস্টার রুমিন ফারহানাসহ বহিষ্কৃত নেতাদের প্রতিক্রিয়া জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। বহিষ্কারের ঘটনায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
No comments