৮০ লাখ টাকা ব্যয়ে উন্নয়ন হচ্ছে বেজোড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠ
বগুড়া প্রতিনিধি:
বেজোড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠের নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) জুমার নামাজের পর স্থানীয় মুসল্লিদের উপস্থিতিতে এ নির্মাণকাজের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বেজোড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠ কমিটির সভাপতি শাহজাহান আলী, সাধারণ সম্পাদক আশিক রানা, বেজোড়া ঘাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রাব্বি হাসান মন্ডল, বেজোড়া যুব উন্নয়ন সংঘের সহ-কোষাধ্যক্ষ তারেক রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ঈদগাহ মাঠ কমিটির সাধারণ সম্পাদক আশিক রানা জানান, মাঠের নির্মাণ ও উন্নয়নকাজে আনুমানিক ৮০ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। এ অর্থ দিয়ে ঈদগাহ মাঠের পরিসর বৃদ্ধি, মাঠের উন্নয়ন এবং প্রয়োজনীয় নির্মাণকাজ সম্পন্ন করা হবে।
তিনি আরও জানান, পরিকল্পনা অনুযায়ী মাঠের সার্বিক উন্নয়ন করা হবে, যাতে স্থানীয় মুসল্লিরা ঈদের জামাতসহ বিভিন্ন ধর্মীয় কার্যক্রমে আরও স্বাচ্ছন্দ্যে অংশ নিতে পারেন।
স্থানীয় মুসল্লিরা আশা করছেন, নির্মাণকাজ সম্পন্ন হলে বেজোড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠটি আরও সুন্দর ও ব্যবহার উপযোগী হয়ে উঠবে। পাশাপাশি ঈদের জামাতে অধিকসংখ্যক মুসল্লির নামাজ আদায়ের সুযোগ সৃষ্টি হবে।

No comments