শিরোনাম

বগুড়ার সারিয়াকান্দীতে জমিজমা সংক্রান্তে সংঘর্ষ নিহত ১

মোঃ আব্দুর রহিম রিফাত, বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার সারিয়াকান্দিতে জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে লিটন সাকিদার (৪০) নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে এদিন সকালে দিকে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের মাঝবাড়ী গ্রামে দুপক্ষের সংঘর্ষে গুরুতর আহত হন তিনি।

সংঘর্ষে আহতদের মধ্যে কয়েকজন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় ৫ জনকে আটক করেছে সারিয়াকান্দি থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, বগুড়া সারিয়াকান্দির ফুলবাড়ি ইউনিয়নের মাঝবাড়ী গ্রামের তারাজুল ইসলাম সাকিদারের ছেলে মুহিদুল ইসলাম সাকিদারের (৬৪) সঙ্গে একই গ্রামের দুদু প্রামানিকের ছেলে খাজা প্রামানিকের (৬০) দীর্ঘদিন ধরেই জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এ বিষয়ে বগুড়া জেলা জজ আদালতে উভয়পক্ষের একাধিক মামলা বিচারাধীন রয়েছে। জমি দখলকে কেন্দ্র করে শুক্রবার সকালে নালিশি জমিতে উভয়পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। মারামারিতে ঘটনাস্থলেই উভয়পক্ষের ৯ জন আহত হয়। 

আহতরা হলেন, মাঝবাড়ী গ্রামের মন্ডলবাড়ী গ্রামের শহিদুল ইসলামের ছেলে লিটন সাকিদার (৪০), মহিদুল সাকিদারের ছেলে রিপন আহমেদ (৩২), তারাজুল ইসলামের ছেলে মুহিদুল সাকিদার (৬৪), মৃত ওফিজ সাকিদারের ছেলে সায়েদজ্জামান সাকিদার (৬২), ফুল বাবু সাকিদারের ছেলে সহিদ ইসলাম সাকিদার (৩১), দবির সাকিদারের ছেলে মন্তেজার রহমান সাকিদার (৫৫), মুহিদুল ইসলাম সাকিদারের স্ত্রী দিলেরা বেগম (৪০), মালেক প্রামানিকের ছেলে তাহেরুল ইসলাম প্রামাণিক (৫০) এবং জুয়েল মিয়া প্রামানিকের ছেলে মুন প্রামানিক (২৮)।

সংঘর্ষের পর স্থানীয়রা তাদের উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। আহতদের মধ্যে লিটন সাকিদারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাকে আইসিইউতে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২ টার দিকে তিনি মারা যান। 

আহত রিপন আহমেদ এবং মুহিদুল সাকিদারকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে সারিয়াকান্দি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

সারিয়াকান্দি থানার ওসি আ ফ ম আসাদুজ্জামান বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ওসি আরও বলেন, সকালে ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মারামারিতে জড়িত ৫ জনকে আটক করে সারিয়াকান্দি থানায় নিয়ে আসা হয়েছে। এখনও ( বিকাল পর্যন্ত) থানায় কোনও মামলা দায়ের করা হয়নি। মামলা দায়ের প্রক্রিয়া চলমান। মামলার ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

No comments