শিরোনাম

নিষিদ্ধ আওয়ামী লীগের পুনরুত্থান নয়, ৫ ডিসেম্বর বগুড়ায় আসছেন প্রধানমন্ত্রী: মীর শাহে আলম


বগুড়া প্রতিনিধিঃ

আগামী ৫ ডিসেম্বর বগুড়ায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে জেলার শিবগঞ্জ উপজেলার মোকামতলা থেকে নতুন উপজেলা, মডেল পৌরসভা ও থানার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি। একই সঙ্গে মোকামতলা থেকে হিলি পর্যন্ত ৩৯ কিলোমিটার সড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। 

প্রায় ১ হাজার ৯০০ কোটি টাকা ব্যয়ের এ প্রকল্প বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের যোগাযোগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে। শুক্রবার সকালে শিবগঞ্জ উপজেলার মোকামতলা হাইস্কুল মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা ও মগ বিতরণ অনুষ্ঠানে এসব তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 

প্রতিমন্ত্রী বলেন, সবকিছু ঠিক থাকলে আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান মোকামতলা হাইস্কুল মাঠে উপস্থিত হবেন। এ সময় নবসৃষ্ট মোকামতলা উপজেলা, মোকামতলা মডেল পৌরসভা ও মোকামতলা থানার ফলক উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি। পাশাপাশি মোকামতলা থেকে হিলি পর্যন্ত ৩৯ কিলোমিটার সড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজের সূচনা করবেন।

এদিকে অনুষ্ঠানে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কঠোর অবস্থানের কথা জানান প্রতিমন্ত্রী। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পুনরুত্থানের কোনো সুযোগ দেওয়া হবে না বিলে উল্লেখ করে তিনি বলেন, সরকার এখন ধৈর্যের পরিচয় দিচ্ছে। 

তবে এই ধৈর্যকে দুর্বলতা ভাবার সুযোগ নেই। পরিস্থিতির উন্নতি না হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। মীর শাহে আলম অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল ষড়যন্ত্রের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। বিদেশ থেকে টেলিফোনে উসকানি না দিয়ে যারা পরিস্থিতি উত্তপ্ত করছেন, তাদের দেশে ফিরে এসে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। 

গোপালগঞ্জ, ভান্ডারিয়া ও নড়াইলসহ বিভিন্ন স্থানে সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনা তুলে ধরে তিনি বলেন, এসব কর্মকাণ্ডের মাধ্যমে সরকারকে অস্থিতিশীল করা যাবে না। তিনি আরও বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করে দেশের শান্তি, অর্থনৈতিক মুক্তি ও উন্নয়নে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। 

প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড, কর্মসংস্থান সৃষ্টি ও খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। 

প্রতিমন্ত্রী বলেন, নতুন উপজেলা, পৌরসভা ও থানা প্রতিষ্ঠার পাশাপাশি রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে মানুষের জীবনমান পরিবর্তন করাই সরকারের লক্ষ্য। 

দেশের স্বার্থবিরোধী যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় রাজনৈতিক দলগুলোর প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে মোকামতলা ও আশপাশের এলাকায় নতুন প্রশাসনিক কাঠামো এবং বড় অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের প্রত্যাশা তৈরি হয়েছে।

No comments