সম্পত্তি বিরোধ মীমাংসার প্রস্তাবে ‘ফ্রি সময়’ চাওয়ার অভিযোগ, আলোচনায় শিক্ষক
চ্যানেল টেন ডেস্ক :
চট্টগ্রামের পটিয়ায় পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ফুটবল খেলোয়াড় ঐশি দে ও তার পরিবারের মধ্যে বিরোধ চলছে। এ বিরোধ মীমাংসার দায়িত্ব পাওয়া এক শিক্ষকের বিরুদ্ধে ব্যক্তিগত সময় কাটানোর প্রস্তাব দেওয়ার অভিযোগ তুলেছেন ঐশি। তবে অভিযোগ অস্বীকার করে এটিকে ভিত্তিহীন ও ভুয়া দাবি করেছেন অভিযুক্ত শিক্ষক।
ঐশি দে’র অভিযোগ, বিয়ে না হওয়ায় তিনি পৈতৃক সম্পত্তিতে নিজের প্রাপ্য অংশ থেকে বঞ্চিত হচ্ছেন। তার ভাই মায়ের কাছ থেকে সব জমি রেজিস্ট্রি করে নেওয়ায় পৈতৃক বাড়িতে বসবাসের অধিকারও হারিয়েছেন তিনি।
এ বিষয়ে সমাধানের জন্য পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম উপজেলার কচুয়াই ইউনিয়নের বাসিন্দা ও হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল দে মাস্টারকে দায়িত্ব দেন। ঐশির অভিযোগ, বিষয়টি সমাধানের বিনিময়ে শ্যামল মাস্টার তাকে হোয়াটসঅ্যাপে ‘তুমি অনেক সুন্দর, তোমার সঙ্গে একটু ফ্রি সময় কাটাতে চাই’ বলে বার্তা পাঠান।
এ ঘটনায় পরবর্তী সময়ে ফেসবুক লাইভে এসে শাহ আমানত সেতু থেকে কর্ণফুলী নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ঐশি। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পরিবারের কাছে তুলে দেন। পরে সংবাদ সম্মেলনেও শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেন তিনি। এ ঘটনা দেশজুড়ে আলোচনা-সমালোচনার জন্ম দেয়।
এদিকে ঐশির অভিযোগ সামনে আসার পর শ্যামল মাস্টারের অতীত নিয়েও আলোচনা শুরু হয়েছে। ধলঘাট ইউনিয়নের গৈড়লা এলাকার একটি উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত থাকাকালে নারীসংক্রান্ত একটি ঘটনায় স্থানীয় লোকজন তাকে বিদ্যালয়ে যেতে বাধা দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। তবে এ অভিযোগও অস্বীকার করেছেন তিনি।
ঐশি দে’র সংবাদ সম্মেলনের পরিপ্রেক্ষিতে গত ১৫ নভেম্বর পটিয়ার একটি কমিউনিটি সেন্টারে পাল্টা সংবাদ সম্মেলন করেন শ্যামল মাস্টার। সেখানে তিনি বলেন, সংসদ সদস্য এনামুল হকের নির্দেশে ঐশির পারিবারিক সমস্যার সমাধানের চেষ্টা করেছিলেন। কিন্তু ঐশির মা ও ভাই তার প্রস্তাব অনুযায়ী সমাধানে রাজি না হওয়ায় বিষয়টি এগিয়ে নেওয়া সম্ভব হয়নি।
সমাধানের বিনিময়ে ব্যক্তিগত সময় কাটানোর প্রস্তাব দেওয়ার অভিযোগকে ভিত্তিহীন ও ভুয়া দাবি করে শ্যামল মাস্টার বলেন, ঐশির সঙ্গে হোয়াটসঅ্যাপে কখনো কোনো ধরনের কথোপকথন হয়নি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, অভিযোগের পক্ষে উপস্থাপিত স্ক্রিনশট ল্যাব পরীক্ষায় সঠিক প্রমাণিত হলে পটিয়াবাসী যে বিচার করবেন, তা তিনি মেনে নেবেন।
এ ছাড়া গৈড়লা উচ্চ বিদ্যালয়ে কর্মরত থাকাকালে নারীসংক্রান্ত কোনো ঘটনা ঘটেনি এবং স্থানীয় লোকজন তাকে বিদ্যালয়ে যেতে বাধা দিয়েছিলেন—এমন অভিযোগও অস্বীকার করেন শ্যামল মাস্টার।

No comments