শিরোনাম

বৈধ সনদ ছাড়াই চিকিৎসা, বগুড়ায় ৩ মাসের কারাদণ্ড


বগুড়া প্রতিনিধি:

বগুড়া শহরে নিজেকে এমবিবিএস চিকিৎসক পরিচয় দিয়ে রোগীদের চিকিৎসা দেওয়ার অভিযোগে মো. আব্দুল করিম নামে এক ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে শহরের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের সামনে অবস্থিত কেয়ার ওয়ান ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বগুড়া জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আজাদ হোসেন। অভিযানে প্রসিকিউশন হিসেবে দায়িত্ব পালন করেন বগুড়ার সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ-উল-হক। এ সময় জেলা পুলিশের একটি দল অভিযান পরিচালনায় সহযোগিতা করে।

অভিযান সূত্রে জানা যায়, মো. আব্দুল করিম নিজেকে এমবিবিএস চিকিৎসক পরিচয় দিয়ে ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখছিলেন। তবে তার প্রয়োজনীয় নিবন্ধন ও বৈধ সনদ ছিল না। এ অবস্থায় তিনি এলোপ্যাথিক চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন। চিকিৎসক পরিচয়ে রোগীদের সঙ্গে প্রতারণার দায়ে ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দেন।

জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আজাদ হোসেন জানান, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবায় প্রতারণা প্রতিরোধ এবং অবৈধ চিকিৎসা কার্যক্রম বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

No comments