অজান্তে ছাত্রদলের পদ পাওয়ার দাবি, দায়িত্ব থেকে পদত্যাগ করলেন সামি
চ্যানেল টেন ডেস্ক :
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ সামি। নিজের অজান্তে তাকে ওই পদে দায়িত্ব দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন তিনি। বিষয়টি জানার পর স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন সামি।
বুধবার (১৮ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে পদত্যাগের বিষয়টি জানান তিনি।
ফেসবুক পোস্টে সামি লেখেন, ‘আমি টুঙ্গিপাড়া সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের একজন সাধারণ ছাত্র। আমি কোনোদিনও কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলাম না, এখনো নেই। কিন্তু আমার অনুপস্থিতিতে ও আমার অজান্তে আমাকে সরকারি শেখ মুজিবুর রহমান কলেজে ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদ দেওয়া হয়। এ ব্যাপারে আমি কিছুই জানি না। এখন জানতে পেরে আমি সজ্ঞানে উক্ত পদ থেকে পদত্যাগ করছি। যদি আমার অজান্তে আমি কোনো অন্যায় করে থাকি, তাহলে সবাই আমাকে ক্ষমা করে দেবেন।’
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, কখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। নিজের অজান্তে কলেজ শাখা ছাত্রদলের কমিটিতে পদ পাওয়ার বিষয়টি জানার পরই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
এদিকে, সামির এই পদত্যাগের বিষয়ে কলেজ শাখা ছাত্রদলের সংশ্লিষ্ট নেতাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

No comments