শিরোনাম

বরিশালে জিয়াউল আহসানের বাড়িতে আগুন, ভাঙচুর


চ্যানেল টেন ডেস্ক :

মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্রের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাসভবনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বরিশাল নগরের কলেজ রোডের বৈদ্যপাড়া এলাকার আলহাজ নাসির উদ্দিন সড়কে অবস্থিত ‘তহুরা মঞ্জিল’ নামের বাড়িতে এ ঘটনা ঘটে। আগুনে ভবনটির নিচতলার একটি কক্ষ ও আসবাবপত্র পুড়ে গেছে। এ সময় বাড়ির জানালার কাঁচও ভাঙচুর করা হয়।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, সন্ধ্যার দিকে ৪০ থেকে ৫০ জনের একটি দল ওই বাড়িতে প্রবেশ করে। পরে তারা তিনতলা ভবনটির জানালার কাঁচ ভাঙচুর করে। একপর্যায়ে নিচতলার একটি কক্ষে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, জিয়াউল আহসানের ছোট ভাই বরিশাল সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ও ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব ওই বাড়িতে থাকতেন। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি সেখানে থাকেন না। ভবনটির অন্য অংশে থাকতেন জিয়াউল আহসানের বড় ভাই ও ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান মু. জিয়াউল হক। তিনিও বর্তমানে বরিশালে থাকেন না।

জিয়াউল আহসান বর্তমানে কারাগারে রয়েছেন।

বরিশাল কোতোয়ালি মডেল থানার বগুড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাফুজুর রহমান জানান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কারা এ আগুন দিয়েছে, তা এখনো জানা যায়নি।

No comments