নাশকতায় অর্থায়নের অভিযোগে আওয়ামী লীগ নেত্রীসহ আটক ২
চ্যানেল টেন ডেস্ক :
রাজধানীতে নাশকতা ও সহিংস কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী নাছরিন জাহান নাজসহ দুজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে রাজধানীর তুরাগ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটক অপরজনের নাম জাহাঙ্গীর।
পুলিশ সূত্রে জানা গেছে, নাছরিন জাহান নাজের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের নাশকতা ও সহিংস কর্মকাণ্ডে অর্থের জোগান দেওয়ার অভিযোগ রয়েছে। রাজধানীতে নৈরাজ্য সৃষ্টির বিভিন্ন কর্মকাণ্ডে অর্থায়ন ও সহযোগিতার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী প্রেস সচিব ইমরুল কায়েসের সহযোগী হিসেবেও পরিচিত বলে জানা গেছে।
অন্যদিকে, আটক জাহাঙ্গীরের বিরুদ্ধে কিশোর গ্যাং ও ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততা এবং রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল সরবরাহের অভিযোগ রয়েছে।
ডিবির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মির্জা তারেক আহমেদ বেগ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তুরাগ এলাকা থেকে দুজনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনি পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

No comments