শিরোনাম

বিএনপির ধাওয়ায় মশাল ফেলে পালালেন আ.লীগ নেতাকর্মীরা


বগুড়া প্রতিনিধি:

বগুড়ার নন্দীগ্রামে মশাল মিছিল বের করে বিএনপির নেতাকর্মীদের ধাওয়ার মুখে ককটেল ও মশাল ফেলে পালিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরে ঘটনাস্থল থেকে আটটি জ্বলন্ত মশাল ও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার রনবাঘা বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে আওয়ামী লীগের ২০ থেকে ২৫ জন নেতাকর্মী রনবাঘা বাইপাস এলাকার একটি গ্রামের সড়কে মশাল মিছিল বের করেন। মিছিলটি বগুড়া-নাটোর মহাসড়কের দিকে এগোতে থাকলে খবর পেয়ে বিএনপির নেতাকর্মীরা তাদের ধাওয়া করেন। এ সময় দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মশাল ফেলে গ্রামের ভেতরে পালিয়ে যান আওয়ামী লীগের নেতাকর্মীরা।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জ্বলন্ত অবস্থায় আটটি মশাল ও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিএনপির নেতাকর্মীদের ধাওয়ার মুখে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা গ্রামের ভেতরে পালিয়ে যান। তারা নাশকতার উদ্দেশ্যে মিছিল বের করেছিলেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

No comments