শিরোনাম

পাগলা মসজিদে এবার ৫১ বস্তা টাকা, সঙ্গে স্বর্ণালঙ্কার ও বিদেশি মুদ্রা


চ্যানেল টেন ডেস্ক :

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের ১৫টি লোহার দানবাক্স খুলে পাওয়া গেছে ৫১ বস্তা টাকা। প্রায় পাঁচ মাস পর শনিবার (২১ নভেম্বর) সকালে দানবাক্সগুলো খোলা হয়। বর্তমানে মসজিদের দোতলায় এসব টাকা গণনার কাজ চলছে।

টাকা ছাড়াও দানবাক্সগুলোতে স্বর্ণ-রুপার অলঙ্কার এবং বিভিন্ন দেশের মুদ্রা পাওয়া গেছে।

শনিবার সকাল ৭টায় কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন এবং কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলামের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়। এ সময় বিপুলসংখ্যক পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে ৫১টি বস্তায় ভরে টাকা মসজিদের দোতলায় নেওয়া হয়। সেখানে মেঝেতে টাকা ঢেলে গণনার কাজ শুরু করেন মাদ্রাসার প্রায় ৩০০ শিক্ষার্থী, ১০ জন শিক্ষক এবং রূপালী ব্যাংকের ১৩০ কর্মকর্তা। টাকার নিরাপত্তায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন।

মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে, দিনভর গণনা শেষে শনিবার সন্ধ্যায় মোট টাকার পরিমাণ জানা যাবে।

এর আগে চলতি বছরের ২৭ জুন ছয় মাস পর পাগলা মসজিদের দানবাক্সগুলো খোলা হয়েছিল। সেবার ৪৩ বস্তা টাকা পাওয়া যায়। দিনভর গণনা শেষে টাকার পরিমাণ দাঁড়িয়েছিল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা। এ ছাড়া সেবারও বিপুল পরিমাণ স্বর্ণ-রুপার অলঙ্কার ও বিদেশি মুদ্রা পাওয়া গিয়েছিল।

স্থানীয়ভাবে প্রচলিত বিশ্বাস অনুযায়ী, পাগলা মসজিদে মানত করলে রোগ-ব্যাধি দূর হওয়াসহ বিভিন্ন মনোবাসনা পূর্ণ হয়। এ বিশ্বাস থেকে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ এখানে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, বৈদেশিক মুদ্রা, গরু, ছাগল, হাঁস-মুরগিসহ বিভিন্ন সামগ্রী দান করেন।

জনশ্রুতি রয়েছে, প্রায় আড়াইশ বছর আগে পাগলবেশী এক আধ্যাত্মিক পুরুষ খরস্রোতা নরসুন্দা নদীর মাঝখানে মাদুর পেতে ভেসে এসে বর্তমান মসজিদ এলাকার হারুয়ায় থামেন। তাকে ঘিরে সেখানে বহু ভক্তের সমাগম হয়। ওই ব্যক্তির মৃত্যুর পর তাঁর সমাধির পাশে মসজিদটি গড়ে ওঠে। কালক্রমে এটি পাগলা মসজিদ নামে পরিচিতি পায়।

No comments