শিরোনাম

শেখ হাসিনাকে ফেরাতে ভারতে তৎপর নানক-মায়াসহ চার নেতা


চ্যানেল টেন ডেস্ক :

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে ভারতে তৎপরতা শুরু করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উচ্চপর্যায়ের কয়েকজন নেতা। এ লক্ষ্যে পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত পর্যবেক্ষণ করেছেন দলটির শীর্ষস্থানীয় চার নেতা। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, পেট্রাপোল সীমান্ত পরিদর্শন করা চার নেতা হলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং শেখ হাসিনার সাবেক একান্ত সচিব আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। সীমান্ত পর্যবেক্ষণের পর তারা প্রায় দুই ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক করেন বলে খবরে উল্লেখ করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস ও টিভি৯-এর প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর সম্ভাব্য বিভিন্ন পথ নিয়ে আলোচনা করছেন ওই নেতারা। এ কারণে পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তের পাশাপাশি ত্রিপুরার আগরতলা সীমান্ত এলাকাও পর্যবেক্ষণের পরিকল্পনা রয়েছে তাদের।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনেও শেখ হাসিনাকে দেশে ফেরানোর সম্ভাব্য পথ হিসেবে পেট্রাপোল-বনগাঁ ও আগরতলা সীমান্ত এলাকার কথা উল্লেখ করা হয়েছে।

তবে এ বিষয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা ঘোষণা পাওয়া যায়নি।

ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে আরও বলা হয়েছে, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার প্রক্রিয়া জানতে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের কাছে অনুরোধ জানিয়েছে ভারত। তবে ১০ দিন পেরিয়ে গেলেও ঢাকা থেকে এ বিষয়ে কোনো সাড়া পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে, চব্বিশের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে নতুন করে কোনো পাসপোর্ট দেওয়া হবে না বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সম্প্রতি এক ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, পলাতক শেখ হাসিনাকে বাংলাদেশ কোনো পাসপোর্ট দেবে না।

তবে তাকে কীভাবে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা যায়, সে বিষয়ে প্রতিমন্ত্রী জানান, বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে চায় বাংলাদেশ।

No comments