বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার
চ্যানেল টেন ডেস্ক :
বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার চাচা আবদুল মালেক সর্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২২ নভেম্বর) সকালে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা পুলিশ তাকে কুষ্টিয়া সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হলে বিচারক জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে শনিবার (২১ নভেম্বর) দিবাগত মধ্যরাতে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের ডাবিরাভিটা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আবদুল মালেক সর্দার পাটিকাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি ডাবিরাভিটা গ্রামের মৃত আমির সর্দারের ছেলে এবং সংসদ সদস্য মুফতি আমির হামজার চাচাতো চাচা।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, পাটিকাবাড়ি পুলিশ ক্যাম্পের সদস্যরা আবদুল মালেক সর্দারকে আটক করেন। পরে রোববার সকালে তাকে কুষ্টিয়া সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
কুষ্টিয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর কুষ্টিয়া সদর মডেল থানায় দায়ের করা ২৯ নম্বর বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আবদুল মালেক সর্দারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

No comments