শিরোনাম

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া জাতীয় ঐক্য সম্ভব নয়: নাহিদ


চ্যানেল টেন ডেস্ক :

একদলীয় সংবিধান সংশোধন কমিটি অবিলম্বে ভেঙে দিয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ এবং জুলাই সনদ বাস্তবায়নের সুস্পষ্ট অঙ্গীকার করলেই কেবল সরকারের ডাকা জাতীয় ঐক্যের প্রক্রিয়া শুরু হতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

তবে দেশের চলমান সংকটকালে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে প্রধানমন্ত্রীর সংলাপের আহ্বানে সাড়া দিয়ে সোমবার (২৩ নভেম্বর) এনসিপির একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নেবে বলে জানিয়েছেন তিনি।

যুক্তরাজ্য সফর শেষে রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় দেশে ফিরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রাঙ্গণে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

সরকারের জাতীয় ঐক্যের আহ্বান প্রসঙ্গে নাহিদ ইসলাম অভিযোগ করেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই তারা জাতীয় ঐক্যের কথা বলে আসছেন। কিন্তু বিএনপি সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করেনি। নির্বাচনের পর সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ না করে গণভোটে ৭০ শতাংশ মানুষের রায় ও জুলাই সনদের অঙ্গীকার ভঙ্গ করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

জাতীয় ঐক্যের শর্ত তুলে ধরে এনসিপির আহ্বায়ক বলেন, গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার বিচার ত্বরান্বিত করা, আসন্ন গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়ন এবং শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করার মতো মৌলিক ইস্যুতে বর্তমান সরকারকে অঙ্গীকারবদ্ধ হতে হবে। তাহলেই জাতীয় ঐক্য সম্ভব।

তিনি বলেন, এর প্রথম পদক্ষেপ হিসেবে একদলীয় সংবিধান সংশোধন কমিটি অবিলম্বে ভেঙে দিয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করতে হবে।

নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার যদি শুধু ডিসেম্বরে আওয়ামী লীগকে থামানোর জন্য জাতীয় ঐকমত্য চায় এবং জানুয়ারিতে একদলীয় কমিটির মতামত অনুযায়ী সংবিধান সংশোধন করে, তাহলে ওই ধরনের কোনো প্রক্রিয়ায় এনসিপি অংশ নেবে না।

No comments