সাবেক স্বামীর চাপাতির কোপে গুরুতর আহত নারী
চ্যানেল টেন ডেস্কঃ
শরীয়তপুরে কল্পনা আক্তার (২৬) নামে এক নারীকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে তার সাবেক স্বামী কালু তালুকদারের বিরুদ্ধে। সোমবার (২ নভেম্বর) রাত ৯টার দিকে শরীয়তপুর সদর হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
আহত কল্পনা আক্তার শরীয়তপুর পৌরসভার চর পালং এলাকার কাদির তালুকদার ও বিলকিস বেগমের মেয়ে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে সদর উপজেলার আঙ্গারিয়া গুচ্ছগ্রামের কালু তালুকদারের সঙ্গে কল্পনা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। প্রায় ছয় মাস আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়। তবে বিচ্ছেদের পরও থাকার জায়গা না থাকায় সন্তানকে নিয়ে সাবেক স্বামীর বাড়িতেই থাকতেন কল্পনা।
সম্প্রতি তাকে বাড়ি থেকে চলে যেতে বলেন কালু তালুকদার। এ নিয়ে তাদের মধ্যে ফের বিরোধ দেখা দেয়। এর জের ধরে সোমবার রাতে শরীয়তপুর সদর হাসপাতালের সামনে কল্পনাকে একা পেয়ে কালু তালুকদার চাপাতি দিয়ে তার ঘাড়, কোমর ও পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে কোপ দেন বলে অভিযোগ রয়েছে। এতে তিনি গুরুতর আহত হন।

No comments