শিরোনাম

সরকারের একের পর এক অদূরদর্শী সিদ্ধান্তে জ্বালানি খাতে অস্থিরতা সৃষ্টি হচ্ছে


চ্যানেল টেন ডেস্কঃ

১২ কেজি এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণের প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস। দলটির নেতারা বলছেন, ‘সরকারের একের পর এক অদূরদর্শী সিদ্ধান্তে জ্বালানি খাতে অস্থিরতা সৃষ্টি হচ্ছে।’ তারা অবিলম্বে এলপিজির বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

সোমবার (২ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এসব কথা বলেন।

বিবৃতিতে তারা বলেন, ‘সরকার গত দুই মাসে দফায় দফায় এলপিজি সিলিন্ডারের দাম মোট ৪৭৫ টাকা বাড়িয়েছে। এতে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মাসিক খরচে বড় ধরনের চাপ তৈরি হয়েছে। পাশাপাশি হোটেল, রেস্তোরাঁ ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের পরিচালন ব্যয়ও বেড়েছে।’

খেলাফত মজলিসের আমির ও মহাসচিব বলেন, ‘এভাবে সরকারের একের পর এক অদূরদর্শী সিদ্ধান্তে জ্বালানি খাতে অস্থিরতা সৃষ্টি হচ্ছে।’ তারা অবিলম্বে এলপিজির বর্ধিত মূল্য প্রত্যাহার এবং জ্বালানি গ্যাস, তেলসহ দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনার দাবি জানান।

No comments