শিরোনাম

গোপালগঞ্জে থানায় আগুন দিল আওয়ামী লীগের নেতাকর্মীরা


চ্যানেল টেন ডেস্ক :

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের সরকারি গাড়ি ও থানায় জব্দ করে রাখা গাড়িসহ অন্তত ১০টি যানবাহনে আগুন দেওয়া হয়। এ ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মুকসুদপুর থানায় এ হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় একাধিক সাংবাদিকের সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার সন্ধ্যার পর থেকেই থানা ভবনে কোনো পুলিশ সদস্য ছিলেন না। বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে থানায় হামলা চালান। পরে তারা থানা ভবনে আগুন ধরিয়ে দেন। এ সময় থানায় থাকা পুলিশের সরকারি গাড়ি এবং বিভিন্ন মামলায় জব্দ করে রাখা যানবাহনেও আগুন দেওয়া হয়। এতে অন্তত ১০টি যানবাহন পুড়ে যায়।

এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে জনমনে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। বুধবার সন্ধ্যা থেকেই ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশের একাধিক স্থানে গাছ ফেলে অবরোধ করে রাখা হয়েছে। এতে এই মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকেই মহাসড়কের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করতে দেখা গেছে। এ পরিস্থিতিতে জেলার বিভিন্ন এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।

No comments