শিরোনাম

চাচাকে পদ্মা অয়েলের এমডি করতে প্রতিমন্ত্রীর সুপারিশ


চ্যানেল টেন ডেস্ক :

চাকরি থেকে অবসরে যাওয়ার মাত্র এক দিন আগে পদোন্নতি পেয়েছেন পদ্মা অয়েল পিএলসির এক কর্মকর্তা। সেই পদোন্নতিকে যোগ্যতা হিসেবে দেখিয়ে অবসরের পর প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে তিন বছরের চুক্তিভিত্তিক নিয়োগ চেয়ে আবেদন করেছেন তিনি। আর তাঁর আবেদনে সুপারিশ করেছেন নিজের ভাতিজা ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

আলোচিত ওই কর্মকর্তা হলেন পদ্মা অয়েল পিএলসির সদ্য পদোন্নতিপ্রাপ্ত মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) মীর মোহাম্মদ ফখর উদ্দিন। তিনি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের চাচা এবং সাবেক বিএনপি নেতা মীর মোহাম্মদ নাসির উদ্দিনের ভাই।

পদ্মা অয়েল পিএলসি থেকে মীর ফখর উদ্দিনের অবসরে যাওয়ার নির্ধারিত তারিখ ছিল ১০ নভেম্বর। এর আগের দিন, ৯ নভেম্বর তাঁকে এক দিনের জন্য প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক পদে পদোন্নতি দেওয়া হয়। পরদিন ১০ নভেম্বর তিনি অবসরে যান। একই দিন থেকে পরবর্তী তিন বছরের জন্য কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ চেয়ে আবেদন করেন তিনি।

তবে রাষ্ট্রায়ত্ত তেল বিপণনকারী প্রতিষ্ঠানটির এমডি নিয়োগ নীতিমালা অনুযায়ী, এ পদে আবেদনের জন্য সংশ্লিষ্ট কোম্পানিতে মহাব্যবস্থাপক হিসেবে অন্তত তিন বছরের অভিজ্ঞতা এবং চাকরির মেয়াদ কমপক্ষে এক বছর অবশিষ্ট থাকতে হবে। মীর ফখর উদ্দিন অবসরের ঠিক আগের দিন মহাব্যবস্থাপক পদে পদোন্নতি পাওয়ায় এসব শর্ত পূরণ করছেন না।

জানা গেছে, গত ৯ নভেম্বর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীর কাছে দেওয়া আবেদনে মীর মোহাম্মদ ফখর উদ্দিন ১০ নভেম্বর থেকে পরবর্তী তিন বছরের জন্য পদ্মা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ চান। আবেদনে সুপারিশ করেন তাঁর ভাতিজা প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

আবেদনটি গত ১৬ নভেম্বর মন্ত্রণালয়ে জমা হয়। পরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু আবেদনটি তদন্ত করে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

আবেদনে মীর ফখর উদ্দিন দাবি করেন, আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলে রাজনৈতিক ও পারিবারিক পরিচয়ের কারণে তিনি পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছেন এবং বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছেন। তাঁর দাবি, পদোন্নতির নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হলে ২০১৮ সালেই মহাব্যবস্থাপক এবং ২০২০ সালে ব্যবস্থাপনা পরিচালক হওয়ার যোগ্যতা অর্জন করতেন তিনি।

এমডি নিয়োগে নতুন নীতিমালা, কী যোগ্যতা প্রয়োজন

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) আওতাধীন কোম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালক নিয়োগে ২০২৬ সালের ২৪ জুন বিশেষ গেজেটের মাধ্যমে নতুন নীতিমালা প্রকাশ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহি ও মেধাভিত্তিক প্রতিযোগিতা নিশ্চিত করাই এ নীতিমালার উদ্দেশ্য।

নীতিমালা অনুযায়ী, এমডি পদে নিয়োগের জন্য প্রার্থীকে বিপিসি অথবা এর আওতাধীন কোনো কোম্পানির স্থায়ী কর্মকর্তা হতে হবে। সংশ্লিষ্ট কোম্পানিতে মহাব্যবস্থাপক পদে অন্তত তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি চাকরির মেয়াদ কমপক্ষে এক বছর অবশিষ্ট থাকতে হবে।

এ ছাড়া নবম থেকে চতুর্থ গ্রেডের প্রথম শ্রেণির পদে অন্তত ১৯ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা সমমানের ফলাফল গ্রহণযোগ্য নয়।

শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ নির্ধারিত স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। চার বছর মেয়াদি স্নাতক (সম্মান), তিন বছর মেয়াদি স্নাতক ও এক বছর মেয়াদি স্নাতকোত্তর অথবা স্নাতক পাস ও স্নাতকোত্তর ডিগ্রির মতো যোগ্যতা গ্রহণযোগ্য হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রকৌশল ডিগ্রিধারীদের জন্যও নির্ধারিত যোগ্যতার সুযোগ রয়েছে।

নীতিমালায় বলা হয়েছে, কোনো প্রার্থীর বিরুদ্ধে বিভাগীয় মামলা, ফৌজদারি মামলা কিংবা দুর্নীতি দমন কমিশনের মামলা চলমান থাকলে নির্ধারিত শর্ত অনুযায়ী তিনি নিয়োগের জন্য যোগ্য বিবেচিত হবেন না। চাকরিজীবনে গুরুদণ্ড পাওয়া ব্যক্তিও এমডি পদে নিয়োগের জন্য বিবেচিত হবেন না। তবে বিভাগীয় মামলা থেকে অব্যাহতি, অভিযোগ থেকে খালাস কিংবা নির্দোষ প্রমাণিত হওয়ার ক্ষেত্রে আলাদা বিধান রাখা হয়েছে।

এমডি নিয়োগের জন্য সাত সদস্যের একটি কমিটি গঠনের বিধান রয়েছে। বিপিসির চেয়ারম্যান এ কমিটির আহ্বায়ক। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, অর্থ বিভাগ, বিপিসি এবং পেট্রোবাংলার প্রতিনিধিরাও কমিটিতে থাকবেন। কমিটি যোগ্য প্রার্থী বাছাই, সাক্ষাৎকার গ্রহণ এবং নিয়োগের সুপারিশ করবে।

প্রার্থী মূল্যায়নে মোট ১০০ নম্বর নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে শিক্ষাগত যোগ্যতায় ২৫, সর্বশেষ পাঁচ বছরের বার্ষিক গোপনীয় অনুবেদনের (এসিআর) গড়ে ২৫, তার আগের পাঁচ বছরের এসিআরের গড়ে ২০, চাকরিজীবনের বিশেষ অর্জন ও অবদানে ২, জ্বালানি ও খনিজ সম্পদ খাত নিয়ে উপস্থাপনায় ৮, আরেকটি উপস্থাপনায় ১০ এবং মৌখিক পরীক্ষায় ১০ নম্বর রাখা হয়েছে। চূড়ান্ত বাছাইয়ে কমপক্ষে ৭৫ নম্বর পাওয়ার শর্ত রয়েছে। মৌখিক পরীক্ষায়ও নির্ধারিত ন্যূনতম নম্বর পেতে হবে।

বিপিসির একজন কর্মকর্তা জানান, নতুন নীতিমালার আলোকে মীর ফখর উদ্দিনের আবেদনে দুটি গুরুত্বপূর্ণ ঘাটতি রয়েছে। প্রথমত, তিনি ৯ নভেম্বর মহাব্যবস্থাপক পদে পদোন্নতি পেয়েছেন এবং ১০ নভেম্বর পর্যন্ত ওই পদে কর্মরত ছিলেন। অর্থাৎ মহাব্যবস্থাপক হিসেবে তাঁর চাকরির অভিজ্ঞতা মাত্র দুই দিন। দ্বিতীয়ত, ১০ নভেম্বর অবসরে যাওয়ায় তাঁর চাকরির মেয়াদ এক বছর অবশিষ্ট থাকার শর্তও পূরণ হয়নি।

যদিও মীর ফখর উদ্দিন চুক্তিভিত্তিক নিয়োগ চেয়ে আবেদন করেছেন, তবে আবেদনের তারিখ পর্যন্ত তিনি কোম্পানির কর্মরত কর্মকর্তা ছিলেন।

পদোন্নতির জন্য তিন পর্ষদ ও দুই কমিটির সভা

মীর ফখর উদ্দিন ১৯৯২ সালের ১ নভেম্বর পদ্মা অয়েলে চাকরিতে যোগ দেন। প্রায় ৩৪ বছরের কর্মজীবনে আওয়ামী লীগ সরকারের আমলে পদোন্নতি থেকে বঞ্চিত ও হয়রানির শিকার হয়েছেন বলে আবেদনে দাবি করেন তিনি। এ বিষয়ে ন্যায়বিচার চেয়ে গত ৮ মার্চ জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীর কাছে আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিপিসির মাধ্যমে বিষয়টি পদ্মা অয়েল কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়।

এরপর তাঁর পদোন্নতির বিষয়টি নিয়ে পদ্মা অয়েলের তিনটি পরিচালনা পর্ষদ সভা এবং দুটি নমিনেশন অ্যান্ড রেমুনারেশন কমিটির (এনআরসি) সভায় আলোচনা হয়। এসব সভায় তাঁর চাকরিসংক্রান্ত নথি, পদোন্নতির ধারাবাহিকতা ও বার্ষিক গোপনীয় অনুবেদন পর্যালোচনা করা হয়।

এনআরসির ৩৬তম সভার পর্যবেক্ষণে বলা হয়, ১৯৯৩ সালে চাকরি স্থায়ী হওয়ার পর কোম্পানির পদোন্নতি নীতিমালা অনুযায়ী প্রতি তিন বছর পর পদোন্নতির যোগ্যতা অর্জন করলেও মীর ফখর উদ্দিন যথাসময়ে পদোন্নতি পাননি। তাঁর সমসাময়িক কর্মকর্তারা ধারাবাহিকভাবে পদোন্নতি পেলেও তিনি বঞ্চিত হয়েছেন বলে কমিটির কাছে প্রতীয়মান হয়েছে। ২০২২ সালে সহকারী মহাব্যবস্থাপক থেকে উপমহাব্যবস্থাপক পদে পদোন্নতির যোগ্যতা অর্জন করার কথা ছিল তাঁর।

গত ১৫ অক্টোবর অনুষ্ঠিত কোম্পানির ৫৭২তম পরিচালনা পর্ষদ সভায় উপমহাব্যবস্থাপক পদে তাঁর পদোন্নতি ২০২৩ সালের পরিবর্তে ২০২২ সালের ২৬ অক্টোবর থেকে কার্যকর করার অনুমোদন দেওয়া হয়।

পরবর্তী সময়ে ২৮ অক্টোবর অনুষ্ঠিত ৫৭৩তম পরিচালনা পর্ষদ সভায় ২০২৫ সালের ২৭ অক্টোবর থেকে মহাব্যবস্থাপক পদে তাঁর ভূতাপেক্ষ পদোন্নতির প্রস্তাব অনুমোদন করে তা বিপিসিতে পাঠানোর সিদ্ধান্ত হয়। এরপর ১ নভেম্বর পদ্মা অয়েল কর্তৃপক্ষ প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদনের জন্য বিপিসিতে পাঠায়।

আবেদন পাওয়ার পর যাচাইয়ের কথা জানাল বিপিসি

এ বিষয়ে পদ্মা অয়েল পিএলসির নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ‘এ রকম কোনো আবেদন এখনো আমার দপ্তরে আসেনি। পদ্মা অয়েলে একজন এমডি দায়িত্ব পালন করছেন। ওই আবেদনটি এলে আমরা যাচাই-বাছাই করে নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেব।’

No comments