গালিব হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ, সিটি প্রশাসকের আশ্বাসে রাজপথ ছাড়লেন আন্দোলনকারীরা
বগুড়া প্রতিনিধি:
বগুড়ায় ছুরিকাঘাতে নিহত তরুণ গালিব হত্যার আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন তাঁর পরিবারের সদস্য, সহপাঠী ও এলাকাবাসী। রোববার (২২ নভেম্বর) মহানগরীর বাংলাদেশ ব্যাংকের সামনে সড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তাঁরা।
পরে বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এমআর ইসলাম স্বাধীন নিহত গালিবের মা ময়না বেগমকে সিটি করপোরেশনে চাকরি দেওয়ার পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনার আশ্বাস দেন। এরপর আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে ঘণ্টাব্যাপী অবরোধের কারণে সাতমাথা থেকে বনানী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। যানজট কানুছগাড়ি থেকে গণপূর্ত ভবন ও মোহাম্মদ আলী হাসপাতালের সামনের সড়ক হয়ে ঠনঠনিয়া বাসস্ট্যান্ড পর্যন্ত ছড়িয়ে পড়ে। এতে ওই সড়কে চলাচলকারী যানবাহন ও যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।
এ সময় বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
নিহত গালিব মহানগরীর ঠনঠনিয়া নতুনপাড়া এলাকার মৃত মাহবুবের ছেলে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যার দিকে মহানগরীর খান্দার এলাকার পাসপোর্ট অফিসের পেছনে তাঁকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সন্ধ্যা ৬টার দিকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। শুক্রবার (২০ নভেম্বর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।


No comments