শিরোনাম

শিক্ষার্থীদের সময়ের সর্বোত্তম ব্যবহারের আহ্বান রাকসু ভিপির


বগুড়া প্রতিনিধি:

বগুড়া সরকারি শাহ সুলতান কলেজের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ ও অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানের আয়োজন করেছে ইসলামী ছাত্রশিবির।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে বগুড়ার পর্যটন মোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কলেজ ছাত্রশিবিরের সভাপতি আসাদ খান। সঞ্চালনা করেন কলেজ সেক্রেটারি মো'তাসিম বিল্লাহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি মোস্তাকুর রহমান জাহিদ। বিশেষ অতিথি ছিলেন গার্ডিয়ান পাবলিকেশনের ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ আবু তাহের, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক কৃষিবিদ আবু নাছের মোহাম্মদ ত্বহা এবং ছাত্রশিবির বগুড়া মহানগর সভাপতি শফিকুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবির বগুড়া মহানগর সেক্রেটারি সজিবুল ইসলাম, অফিস সম্পাদক নাইমুর রহমান, মিডিয়া সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, প্রচার সম্পাদক আবুল কাশেমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে মোস্তাকুর রহমান জাহিদ বলেন, সময়ের সর্বোত্তম ব্যবহার করে শিক্ষার্থীদের নিজেদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে হবে। নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা এবং সময়ের কাজ সময়ে শেষ করার অভ্যাস গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, উত্তম চরিত্র ও নৈতিকতাকে জীবনের সঙ্গী করতে হবে। চরিত্রহীন মেধা সমাজ ও রাষ্ট্রের কোনো কল্যাণে আসে না। শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ। তাদের মেধা, সততা ও দেশপ্রেমের মাধ্যমে বৈষম্যহীন, সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়ে উঠবে।

No comments