‘কওমি জননী’ উপাধি দেওয়া বায়তুল মোকাররমের সাবেক খতিব ৫ দিনের রিমান্ডে
চ্যানেল টেন ডেস্ক :
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিনকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ২০২৪ সালের সেপ্টেম্বরে মসজিদে সংঘর্ষ, মারধর, হত্যাচেষ্টা, চুরি ও ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলায় তাকে রিমান্ডে নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়ার পর আলোচনায় এসেছিলেন তিনি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
পল্টন মডেল থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশি পাহারায় তাকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সিরিয়াস ক্রাইম শাখার পরিদর্শক মো. হাবিবুর রহমান তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, জাতীয় মসজিদে সংঘর্ষের ঘটনায় রুহুল আমিনের ভূমিকা ও সংশ্লিষ্টতা যাচাই করা প্রয়োজন। এ ঘটনায় কোনো ব্যক্তি বা দলের প্ররোচনা কিংবা আর্থিক লেনদেন ছিল কি না, তা খতিয়ে দেখা, সংঘর্ষে নেতৃত্বদানকারী ও অন্য আসামিদের পরিচয় শনাক্ত এবং ঘটনার পেছনের পরিকল্পনা উদ্ঘাটনে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর বায়তুল মোকাররমে জুমার নামাজের সময় দায়িত্বপ্রাপ্ত ইমাম মুফতি আবু সালেহ পাটোয়ারী খুতবা পাঠ করার সময় রুহুল আমিন কয়েকজনকে নিয়ে মসজিদে প্রবেশ করেন। এ সময় ইমামকে মিম্বার থেকে টেনে নামিয়ে মাইক কেড়ে নেওয়া হয় এবং মুসল্লিদের ওপর হামলা চালানো হয়।
রাষ্ট্রপক্ষের দাবি, এ ঘটনায় মামলার বাদী মাওলানা জিয়াউর রহমান গুরুতর আহত হন। তার ডান চোখে আঘাত লাগে। এ ছাড়া মসজিদে ভাঙচুরের ঘটনাও ঘটে। এসব বিষয়ে বিস্তারিত জানতে আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে আদালতে জানান পিপি।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী নাসিরুল হুদাসহ কয়েকজন রিমান্ডের বিরোধিতা করে জামিন আবেদন করেন। তারা আদালতে দাবি করেন, রুহুল আমিন পলাতক ছিলেন না। তিনি অসুস্থ এবং হৃদ্রোগে আক্রান্ত। ঘটনার দিন পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়ে সেখান থেকে চলে যান। ইসলামিক ফাউন্ডেশনের আমন্ত্রণেই তিনি সেখানে গিয়েছিলেন বলেও দাবি করেন আইনজীবীরা।
আসামিপক্ষ আরও দাবি করে, মামলার অভিযোগের সঙ্গে রুহুল আমিনের সংশ্লিষ্টতা নেই। রাজনৈতিক কারণে একটি পক্ষ তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তবে রাষ্ট্রপক্ষ জানায়, মামলার অন্য আসামিরা জামিন পেলেও তিনি এতদিন আদালতে হাজির হননি। এ কারণে তাকে পলাতক আসামি হিসেবে বিবেচনা করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর জুমার নামাজ আদায়ের জন্য বায়তুল মোকাররম মসজিদে যান প্রবাসফেরত ব্যবসায়ী মাওলানা জিয়াউর রহমান। দুপুর সাড়ে ১২টার দিকে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক দায়িত্বপ্রাপ্ত ইমাম মুফতি আবু সালেহ পাটোয়ারী খুতবা পাঠ করার সময় রুহুল আমিন অন্য আসামিদের নিয়ে মসজিদে প্রবেশ করেন।
এজাহারে অভিযোগ করা হয়, তারা ইমামকে মিম্বার থেকে টেনে-হিঁচড়ে নামিয়ে আঘাত করেন এবং তার হাত থেকে মাইক কেড়ে নেন। মুসল্লিরা বাধা দিলে রুহুল আমিনের নির্দেশে এক আসামি লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে বাদীর ডান চোখে আঘাত করেন। এতে তার চোখের নিচে গুরুতর জখম হয় এবং ডান চোখের দৃষ্টিশক্তি হারান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া আসামিদের হামলায় বাদীসহ ৫০ থেকে ৬০ জন মুসল্লি আহত হন, বাদীর পকেট থেকে ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং মসজিদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি করা হয় বলে অভিযোগে বলা হয়েছে। মামলায় রুহুল আমিনকে এক নম্বর আসামি করা হয়েছে।
তবে এসব অভিযোগ এখনো বিচারিকভাবে প্রমাণিত নয়।

No comments