শিরোনাম

১২ দিনে সারাদেশে ৭৪ পরিবহনে আগুন, পুলিশের ১৮ গাড়িতে অগ্নিসংযোগ


চ্যানেল টেন ডেস্ক :

দেশের বিভিন্ন স্থানে গত ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ এবং ৭৪টি পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই সময়ে পুলিশের ১৮টি গাড়িতেও আগুন দেওয়া হয়েছে। এসব ঘটনায় ৩৮টি মামলা হয়েছে এবং ৬৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পুলিশ সদরদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।

পুলিশ সদরদপ্তর সূত্র জানায়, গত ৭ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১২ দিনে সারাদেশে ৭৮টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময়ে ৭৪টি পরিবহনে অগ্নিসংযোগ করা হয়। এসব ঘটনায় দায়ের করা ৩৮টি মামলায় জড়িত থাকার অভিযোগে ৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া এ সময়ে পুলিশের তিনটি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। পুলিশের দুটি স্থাপনায় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। পাশাপাশি পুলিশের ১৮টি গাড়িতে অগ্নিসংযোগ এবং একটি গাড়ি ককটেল বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে বৃহস্পতিবার দুপুর ১২টা ১০ মিনিটের দিকে রাজধানীর আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, দুপুর ১২টার পর বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি। বিস্ফোরণের সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে আসা এক ব্যক্তি আগারগাঁও মেট্রো স্টেশনের পাম্প রুম ও বি-গেটের মধ্যবর্তী সড়কে জর্দার কৌটায় তৈরি একটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে বিস্ফোরিত জর্দার কৌটাটি উদ্ধার করা হয়।

No comments