শিরোনাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ, এক বহিষ্কার শিক্ষার্থী


চ্যানেল টেন ডেস্কঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুই কর্মকর্তা ও কর্মচারীর পর এবার সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগে এক শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকা ইউনিভার্সিটি অর্ডিন্যান্সেস এন্ড রেগুলেশনস-এর চ্যাপ্টার ১১ এর ধারা ৫(২) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তাকে বহিস্কার করেছেন।

শিক্ষার্থীর নাম মো. রায়হান খান। তিনি বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ঘটনা তদন্তের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল প্রাং-কে প্রধান করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির বাকি সদস্যরা হলেন- অধ্যাপক ড. এনামুল হক সজীব, অধ্যাপক ড. শান্টু বড়ুয়া, ড. আলী মোহাম্মদ কাওসার এবং মো. আমজাদ হোসেন। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সাময়িকভাবে বহিষ্কৃত শিক্ষার্থী মো. রায়হান খান বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের সঙ্গে সংযুক্ত ছিলেন। তার গ্রামের বাড়ি খাগড়াছড়ি জেলার খাগড়াছড়ি পৌরসভার সবুজবাগ এলাকায়।

No comments