শিরোনাম

৬৪ জেলার পুলিশ সুপারকে আইজিপির বিশেষ নির্দেশ


চ্যানেল টেন ডেস্কঃ

দেশের বিভিন্ন স্থানে যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মতো ঘটনা প্রতিরোধে সারা দেশে অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং গোয়েন্দা নজরদারি জোরদারের নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

মঙ্গলবার (১০ নভেম্বর) পুলিশ সদর দপ্তরে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে তিনি এ নির্দেশ দেন।

বৈঠকে সব মহানগর পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা যুক্ত ছিলেন।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) কামারুম মুনিরা জানান, বৈঠকে যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর গুরুত্ব দিয়েছেন আইজিপি। এ জন্য টহল, তল্লাশি ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আইজিপি পেশাদারিত্বের সঙ্গে দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার তাগিদ দিয়েছেন। তবে অভিযানের নামে কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও পুলিশ কর্মকর্তাদের সতর্ক করেছেন তিনি।

এ ছাড়া গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুর জেলায় বাড়তি পুলিশ মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তরের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরে চারটি এবং চট্টগ্রাম মহানগরে তিনটি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

এ ছাড়া নারায়ণগঞ্জ, নওগাঁ, গাজীপুর, পটুয়াখালী, ময়মনসিংহ, গাইবান্ধা, সাতক্ষীরা, বগুড়া, মানিকগঞ্জ, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ ও ফরিদপুরে আরও ১৫টি যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে। এর মধ্যে নারায়ণগঞ্জ, গাজীপুর ও ময়মনসিংহে দুটি করে যানবাহনে আগুন দেওয়া হয়।

No comments