স্পেনে এত চুমু খায় কেন মানুষ
চ্যানেল টেন ডেস্কঃ
স্পেনে চুম্বন যেন সর্বত্র। কারও সঙ্গে দেখা হলে দুই গালে চুমু দিয়ে অভিবাদন জানানো সেখানকার পরিচিত রীতি। তবে বিষয়টি শুধু সৌজন্য বিনিময়ে সীমাবদ্ধ নয়। ব্যস্ত সড়কের মাঝখানে দাঁড়িয়েও মধ্যবয়সী কোনো যুগলকে চুম্বনে মগ্ন থাকতে দেখা অস্বাভাবিক কিছু নয়। রোদে ঝলমল পার্কে কিশোর-কিশোরীদের প্রেমের মুহূর্ত কিংবা উৎসবের ভিড়ে তরুণ-তরুণীদের প্রকাশ্য ঘনিষ্ঠতাও দেশটির দৈনন্দিন জীবনের অংশ। এমনকি ইমেইলের শেষে ‘Besos’ (চুম্বন) লিখে বিদায় জানানোর চলও সেখানে রয়েছে।
স্পেনের ভ্যালেন্সিয়ায় ছয় বছরের বেশি সময় ধরে বসবাস করছেন ব্রিটিশ লেখক ও সাংবাদিক লুসি লভেল। তাই চুমুর দৃশ্যের সঙ্গে বেশ ভালোভাবেই অভ্যস্ত হয়ে উঠেছেন তিনি। এমন অহরহ চুমুর ব্যাখ্যা দিতে গিয়ে বিবিসিতে তিনি লিখেছেন—দেশটির মানুষের দৈনন্দিন জীবন অনেকটাই ঘিরে থাকে খোলা জায়গাকে কেন্দ্র করে। ব্যস্ত রাস্তা, ক্যাফে, পার্ক কিংবা উন্মুক্ত চত্বর—এসব জায়গাতেই বন্ধু ও পরিচিতদের সঙ্গে সময় কাটান তাঁরা।
ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, নতুন পরিচিত কারও সঙ্গে সাক্ষাতের সময় ব্যক্তিগত দূরত্ব বজায় রাখার প্রবণতা স্পেনে তুলনামূলক কম। এমনকি গ্রিস, ইতালি ও পর্তুগালের মতো ভূমধ্যসাগরীয় দেশগুলোর চেয়েও এ ক্ষেত্রে স্পেন এগিয়ে। মাদ্রিদের কমপ্লুতেন্সে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক আমপারো লাসেনের মতে, উত্তর ইউরোপের দেশগুলোর তুলনায় স্পেনের মানুষ শারীরিক ঘনিষ্ঠতা প্রকাশে অনেক বেশি স্বচ্ছন্দ।
তবে এর অর্থ এই নয় যে স্পেনের মানুষ অন্য দেশের মানুষের চেয়ে বেশি ভালোবাসাপ্রবণ। বরং ভালোবাসা প্রকাশ্যে দেখাতে তাঁরা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তাঁদের কাছে প্রকাশ্যে চুম্বন সব সময় বিশেষ কোনো রোমান্টিক আয়োজন নয়; বরং দৈনন্দিন জীবনের স্বাভাবিক একটি আচরণ।
আবাসনসংকটও এ ক্ষেত্রে ভূমিকা রাখছে। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে স্পেনেই একক কোনো বাড়ির বদলে ফ্ল্যাটে বসবাসকারী মানুষের অনুপাত সবচেয়ে বেশি—প্রায় ৬৫ শতাংশ। বাড়ির ক্রমবর্ধমান দাম ও আবাসনসংকটের কারণে অনেক তরুণ-তরুণীকে দীর্ঘদিন পরিবারের সঙ্গে থাকতে হচ্ছে। ফলে ব্যক্তিগত মুহূর্ত কাটানোর জন্য কখনো কখনো তাঁদের পার্কের নিরিবিলি বেঞ্চ কিংবা অন্য কোনো উন্মুক্ত স্থান বেছে নিতে হয়।
জাপান, ফ্রান্স, জার্মানি ও তিউনিসিয়ায় বসবাসের অভিজ্ঞতা রয়েছে ২৮ বছর বয়সী স্প্যানিশ নারী ইসাবেল নিয়েতো তুসের। তিন বছর আগে তিনি স্পেনে ফিরে আবার মা-বাবার সঙ্গে থাকতে শুরু করেন। তাঁর ভাষায়, স্পেনে সম্পর্কের শুরুতেই মানুষের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। দু-একবার দেখা হওয়ার পরও হাত ধরে হাঁটা কিংবা প্রকাশ্যে চুম্বন সেখানে অস্বাভাবিক নয়।

No comments