শিরোনাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক, কৌশল বদলাচ্ছে বিরোধী জোট


চ্যানেল টেন ডেস্ক :

গণভোটের রায়ের ভিত্তিতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় বিরোধী জোট। এ দাবিতে লংমার্চসহ দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করেছে তারা। এমনকি দাবি আদায়ে প্রয়োজনে সংসদ বর্জন কিংবা সংসদ থেকে একযোগে পদত্যাগের বিষয়টিও বিবেচনায় ছিল। তবে আগামী ডিসেম্বরকে সামনে রেখে দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ও সহিংস কর্মকাণ্ডের আশঙ্কায় আপাতত সেই অবস্থান থেকে সরে আসছে বিরোধী জোট।

জোটভুক্ত দলগুলোর নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও সহিংস কর্মকাণ্ড মোকাবিলায় আপাতত সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থানে না গিয়ে গণতান্ত্রিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ রাখার কৌশল নিয়েছে তারা। তবে এ অবস্থানকে জুলাই সনদ বাস্তবায়নের দাবি থেকে সরে আসা হিসেবে দেখছেন না নেতারা। তাদের ভাষ্য, আওয়ামী লীগের নৈরাজ্য মোকাবিলায় সাময়িকভাবে সরকারের পাশে থাকলেও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না।

জুলাই সনদ বাস্তবায়নে আরও বড় কর্মসূচির ভাবনা

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সাত থেকে আট মাস ধরে আন্দোলন করে আসছে জামায়াত। বিএনপি সরকার মুখে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করার কথা বললেও রাষ্ট্রব্যবস্থার সংস্কারের ক্ষেত্রে ভিন্ন পথে হাঁটছে।

তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়নের মধ্য দিয়েই জুলাইয়ের মূল আকাঙ্ক্ষা পূরণ করতে চায় জামায়াত। এ জন্য আরও বড় পরিসরে কর্মসূচি পালনের চিন্তাভাবনা চলছে।

দেশের চলমান পরিস্থিতি বিবেচনায় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে দাবি আদায় সম্ভব বলে মনে করে জামায়াত। তবে সরকার ভিন্ন পথে হাঁটলে তাদের চলমান ছয় দফা দাবি এক দফায় পরিণত হতে পারে।

একই বিষয়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য আতিক মুজাহিদ বলেন, গণভোটের রায় ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে সরকারের ওপর চাপ বাড়াতে সংসদীয় কমিটির নেতৃত্বে একটি সংস্কার কমিটি কাজ করছে। জনগণের অধিকার আদায়ে তারা কাজ চালিয়ে যাবেন। প্রয়োজনে বিরোধী দল সংসদ বর্জনের সিদ্ধান্তও নিতে পারে।

সংসদ ও রাজপথে আন্দোলনের প্রস্তুতি

জামায়াতের মজলিশে শূরা সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম বলেন, জুলাই সনদ বাংলাদেশের মানুষের বহুল প্রত্যাশিত আকাঙ্ক্ষার প্রতিফলন। এটি উপেক্ষা করা হলে জনগণের সঙ্গে বড় ধরনের প্রহসন করা হবে। গণরায়ের প্রতি শ্রদ্ধা থেকেই জামায়াত এ বিষয়ে অনড় অবস্থানে রয়েছে।

তিনি বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কৌশলগতভাবে কিছুটা নমনীয়তা দেখানো হলেও দীর্ঘমেয়াদে জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে সরকারকে কোনো ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে সংসদ বর্জন করা হবে। তবে গণভোটের রায় বাস্তবায়নের দাবি থেকে পিছু হটার সুযোগ নেই।

এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষারও মনে করেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে সংসদের পাশাপাশি রাজপথেও আন্দোলন জোরদার করা প্রয়োজন। তিনি বলেন, সরকার বিরোধী দলের দাবি ও জন-আকাঙ্ক্ষাকে উপেক্ষা করলে তাদের সমর্থন অব্যাহত রাখার সুযোগ নেই। সংবিধান সংস্কার পরিষদকে পাশ কাটিয়ে সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হলে সংসদের পরবর্তী অধিবেশন থেকে বিরোধী দল ওয়াকআউট করবে।

গণভোটের রায় বাস্তবায়ন হলে সরকারের পাশে থাকবে জামায়াত

গণভোটের রায় বাস্তবায়ন করা হলে রাষ্ট্রীয় প্রয়োজনে বিএনপি সরকারের পাশে থাকার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। বুধবার (১৮ নভেম্বর) দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

এদিকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে ৪০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত। আগামী ২১ নভেম্বর রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হবে। ধারাবাহিকভাবে কর্মসূচি চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

নাম প্রকাশে অনিচ্ছুক জামায়াতের এক সংসদ সদস্য জানিয়েছেন, সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে সংসদ থেকে একযোগে পদত্যাগের চিন্তাভাবনা ছিল। তবে বর্তমান পরিস্থিতিতে সেই সম্ভাবনা আপাতত নেই। তার মতে, এখন পদত্যাগ করলে সরকার যতটা চাপে পড়বে, তার চেয়ে বেশি রাজনৈতিক সুবিধা পেতে পারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। তাদের সেই সুযোগ দিতে চায় না বিরোধী জোট।

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার একান্ত বৈঠক

এদিকে বুধবার (১৮ নভেম্বর) সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠক করেছেন বিরোধীদলীয় নেতা এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাগরিবের নামাজের আগে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। দুই নেতা ছাড়া বৈঠকে অন্য কেউ উপস্থিত ছিলেন না বলে জানা গেছে।

একই দিন সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে সংসদের ভেতরে ও বাইরে থাকা গণতান্ত্রিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এ পরিস্থিতিতে আওয়ামী লীগের নাশকতা মোকাবিলায় সরকারের সঙ্গে সমন্বয় বজায় রেখে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে নিজেদের আন্দোলন চালিয়ে যাওয়ার কৌশল নিয়েছে বিরোধী জোট।

No comments