শিরোনাম

পাবনায় সাবেক ডেপুটি স্পিকারের বাড়িতে হামলা, আগুন খড়ের পালায়


চ্যানেল টেন ডেস্ক :

পাবনার বেড়ায় সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকুর বাড়ির পাশে থাকা খড়ের পালায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া বাড়িতে ভাঙচুরের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেড়া পৌর এলাকার বৃশালিখা এলাকায় এসব ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বৃশালিখা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেন। মিছিল নিয়ে তারা বেড়া থানা ঘেরাও করে ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দেন। এ সময় থানায় ভাঙচুরের চেষ্টাও করা হয়।

খবর পেয়ে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে গিয়ে মিছিলকারীদের ধাওয়া করেন। একপর্যায়ে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

এরপর সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বাড়ির পাশে ও বাড়িতে থাকা দু-একটি খড়ের পালায় আগুন দেওয়ার ঘটনা ঘটে। তবে কে বা কারা আগুন দিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

বেড়া পৌর ছাত্রদলের সদস্যসচিব মানিক হোসেন ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ফ্যাসিবাদীদের কোনো সুযোগ দেওয়া যাবে না। তাদের যেখানে পাওয়া যাবে, সেখান থেকে ধরে পুলিশে সোপর্দ করতে হবে।’

বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকার বলেন, ‘আমরা বাইরে ছিলাম। এখানে পাড়ায় পাড়ায় ব্যাপক মারামারি হচ্ছে। খুবই ব্যস্ত আছি। থানা ঘেরাওয়ের এমন কোনো ঘটনা জানা নেই। তবে সাবেক ডেপুটি স্পিকারের বাড়ির পাশে খড়ের পালায় দুর্বৃত্তরা আগুন দিয়েছে।’

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

No comments