মিরপুরে ডিএনসিসি প্রশাসক মিল্টনের কার্যালয়ে তাণ্ডব, আহত ২
চ্যানেল টেন ডেস্ক :
রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের ব্যক্তিগত কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টার পর মিরপুর-১৩ নম্বরে বৃহত্তর ময়মনসিংহ সমিতি ভবনে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ১০০ থেকে ১৫০ জনের একটি দল লাঠি, ইট-পাটকেলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে ভবনটিতে হামলা চালায়। হামলায় ভবনের সামনের কাচের দেয়াল ভেঙে ফেলা হয়। এ ছাড়া লিফটের চারপাশের ঘেরাওয়ের অংশও ভাঙচুর করা হয়।
হামলাকারীরা ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করলেও কাচের দরজার কারণে তা সম্ভব হয়নি বলে দাবি করেছেন কার্যালয়ের কর্মকর্তারা। ঘটনার পর ভবনের প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। সেখানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অবস্থান নেন।
শফিকুল ইসলাম খান মিল্টনের কার্যালয়ের দপ্তর সম্পাদক মোহাম্মদ মামুন পাটোয়ারী বলেন, গত এক সপ্তাহ ধরে বিভিন্ন গোয়েন্দা তথ্যের মাধ্যমে সম্ভাব্য হামলার বিষয়ে তারা সতর্ক ছিলেন। এ পরিস্থিতিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন ও সদস্যসচিবের নির্দেশনায় বিভিন্ন থানার নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় অবস্থান নেন। ঘটনার সময় তারাও ওই ভবনে ছিলেন।
তিনি বলেন, সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে হঠাৎ ২০ থেকে ২৫ জন পুরুষ এবং শতাধিক নারী সেখানে এসে হামলা চালান। তারা ইট-পাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে কার্যালয়ে থাকা লোকজনের ওপর আক্রমণ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তারা সেখান থেকে সরে যান।
মামুন পাটোয়ারী আরও অভিযোগ করেন, পুলিশকে বিষয়টি জানানো হলেও হামলার বেশির ভাগ ঘটনা ঘটে যাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে আসে।
তার দাবি, হামলাটি মূলত শফিকুল ইসলাম খান মিল্টনকে লক্ষ্য করে চালানো হয়েছে। ভবনের আশপাশের অন্যান্য স্থাপনার তুলনায় তাদের কার্যালয়ে বেশি ভাঙচুর করা হয়েছে। এ ছাড়া ভবনে থাকা মিল্টনের ছবিগুলোও ভাঙচুর করা হয়েছে বলে জানান তিনি।
এ ঘটনায় হামলার কারণ ও জড়িতদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

No comments