শিরোনাম

বগুড়ায় ‘জয় বাংলা’ স্লোগানে ককটেল বিস্ফোরণ, শাজাহানপুরে মশাল মিছিল


বগুড়া প্রতিনিধি:

বগুড়ার সদর ও শাজাহানপুর উপজেলায় ককটেল বিস্ফোরণ ও মশাল মিছিলের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে সদর উপজেলার মাটিডালী এলাকায় উপজেলা পরিষদের ফটকের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মোটরসাইকেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। একই রাতে শাজাহানপুর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত যুবলীগের কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মশাল মিছিল করেছে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১১টার পর কয়েকজন দুর্বৃত্ত মাটিডালী এলাকায় অবস্থিত সদর উপজেলা পরিষদের ফটকের সামনে আসে। একপর্যায়ে তাদের একজন উপজেলা পরিষদ লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করে। বিকট শব্দে ককটেলটি বিস্ফোরিত হয়। এ ঘটনার ১৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, ককটেল বিস্ফোরণের পরপরই দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে মোটরসাইকেলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

খবর পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলীসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

ওসি ইব্রাহীম আলী বলেন, সদর উপজেলা পরিষদের ভেতরে কোনো ককটেল বিস্ফোরিত হয়নি। দুর্বৃত্তরা সড়ক থেকে পরিষদের সামনে ককটেলটি নিক্ষেপ করে পালিয়ে যায়। ঘটনার সময় ফটকে দুজন আনসার সদস্য দায়িত্বে ছিলেন। তবে তারা কাউকে চিনতে পারেননি। জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

এ বিষয়ে জানতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল ওয়াজেদের মুঠোফোনে একাধিকবার কল ও খুদেবার্তা পাঠানো হলেও তিনি সাড়া দেননি।

এদিকে একই রাতে শাজাহানপুর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত যুবলীগের কর্মীদের মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওগুলোতে ‘জয় বাংলা’ স্লোগানের পাশাপাশি ১৯ নভেম্বরের লকডাউন সফল করার আহ্বান জানানো হয়েছে বলেও উল্লেখ করা হয়।

দুটি ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। এসব ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা প্রয়োজন।

No comments