সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে পেট্রল ঢেলে আগুন
চ্যানেল টেন ডেস্ক :
রাজশাহীর বাঘায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আড়ানী পৌরসভার চকসিংগা গ্রামে তাঁর বাড়িতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে মোটরসাইকেলে করে পাঁচ থেকে ছয়জনের একটি দল বাড়ির সামনে আসে। পরে তারা বাড়ির প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। পরে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করলে স্থানীয় লোকজন চিৎকার করে আশপাশের মানুষকে জড়ো করেন। পরে তাঁরা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে শাহরিয়ার আলমের চারতলা বাড়িটির নিচতলায় আগুন জ্বলতে দেখা গেছে।
তবে এ ঘটনায় প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের সঙ্গে পুলিশের বক্তব্যে কিছুটা ভিন্নতা পাওয়া গেছে।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, কয়েকজন শাহরিয়ার আলমের বাড়িতে ঢুকে আগুন দেওয়ার চেষ্টা করে। স্থানীয় লোকজন বাধা দেওয়ায় তারা বাড়ির ভেতরে প্রবেশ করতে পারেনি। পরে তারা বাড়ির গেটে আগুন দিলে স্থানীয় লোকজন তা নিভিয়ে ফেলেন।
এ ঘটনায় হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। আগুন দেওয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় ও ঘটনার কারণও জানা যায়নি।
.jpg)
No comments