শিরোনাম

মাহিন সরকারের গ্রামের বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপের অভিযোগ


চ্যানেল টেন ডেস্ক :

সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মো. মাহিন সরকারের গ্রামের বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বেলকুচি পৌর এলাকার শেরনগর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পেট্রল বোমার আগুনে বাড়ির প্রবেশগেটে আগুন ধরে যায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। মাহিন সরকার বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। বাড়িতে তার অসুস্থ বাবা ও মা থাকেন।

মাহিন সরকার বলেন, ‘বাসার গেটে দাউ দাউ করে আগুন জ্বলছিল। স্থানীয়রা গিয়ে আগুন নিভিয়েছেন। বাড়ির ভেতরে পেট্রল বোমা মারার চেষ্টা করা হলেও সেটি দেওয়ালে লেগে গেটেই আগুন ধরে যায়।’

তিনি এ ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করে বলেন, বিভিন্ন অনলাইন মাধ্যমসহ নানা উপায়ে তাকে হুমকি দেওয়া হচ্ছিল। এরই ধারাবাহিকতায় এ ঘটনা ঘটানো হয়েছে বলে তিনি মনে করেন।

মাহিন সরকার আরও জানান, বিষয়টি নিয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে কথা বলেছেন। ওসি ঘটনাস্থলে পুলিশ পাঠানোর কথা জানিয়েছেন।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তারুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কে বা কারা পেট্রল ঢেলে আগুন ধরিয়েছেন, তা এখনো জানা যায়নি। জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। আগুনে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি।

No comments