মানিকগঞ্জে বিএনপি কার্যালয়ে নাশকতার চেষ্টা, অবিস্ফোরিত বস্তু উদ্ধার
চ্যানেল টেন ডেস্ক :
মানিকগঞ্জে বিএনপির দলীয় কার্যালয়ের পাশে অবিস্ফোরিত পেট্রোল বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে মানিকগঞ্জ শহরের শহীদ রফিক সড়কে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের পাশ থেকে বস্তুটি উদ্ধার করা হয়।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কেরোসিনভর্তি একটি কাচের বোতলে সলতা লাগিয়ে আগুন ধরিয়ে ঘটনাস্থলে নিক্ষেপ করে দুর্বৃত্তরা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে অবিস্ফোরিত অবস্থায় বোতলটি উদ্ধার করে।
স্থানীয়দের দাবি, হিরো ব্র্যান্ডের একটি সাদা রঙের হাঙ্ক মোটরসাইকেলে করে মুখোশ পরা দুই ব্যক্তি এসে পেট্রোল বোমাসদৃশ বস্তুটি নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়।
ওসি মো. মনির হোসেন জানান, নাশকতার উদ্দেশ্যে দুর্বৃত্তরা বিএনপির দলীয় কার্যালয়ের পাশে কেরোসিনভর্তি কাচের বোতলে আগুন দিয়ে নিক্ষেপ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে পেট্রোল বোমাসদৃশ বস্তুটি জব্দ করে।
তিনি আরও জানান, এ ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

No comments