নেত্রকোনায় রেললাইনে আগুন, অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়াল ট্রেন
চ্যানেল টেন ডেস্ক :
নেত্রকোনায় আবারও রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। জেলার বারহাট্টা ও ঠাকুরাকোনা রেলস্টেশনের মধ্যবর্তী পাটলি এলাকায় কালভার্টের ওপর রেললাইনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় ছড়িয়ে পড়া ১৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কালভার্টের ওপর রেললাইনে তরল বা দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দিচ্ছেন প্যান্ট পরিহিত এক যুবক। এরপর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন তিনি।
স্থানীয়দের বরাতে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার বিকেল ৫টার দিকে ঘটনাটি ঘটে। আগুন দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তা নিভিয়ে ফেলেন গ্রাম পুলিশ সদস্য।
ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত পর্যবেক্ষণ করেছে। আগুনে রেললাইনের কাঠের স্লিপার কিছুটা কালো হওয়া ছাড়া বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
রেলওয়ে প্রকৌশল বিভাগের তথ্যের বরাতে ঠাকুরাকোনা রেলস্টেশনের ম্যানেজার আতাউর রহমান জানান, দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। এতে রেলের সামান্য ক্ষতি হলেও ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।
এর আগে জেলার চল্লিশা এলাকায় আরও দুই দফায় রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল।
-6afc9779a7c97.webp)
No comments