ঢাকায় রাতভর অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ, আতঙ্কে নগরবাসী
চ্যানেল টেন ডেস্ক :
রাজধানী ঢাকায় একের পর এক বাসে অগ্নিসংযোগ ও বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত কয়েক ঘণ্টার ব্যবধানে মহাখালী, পল্লবী, বাড্ডা ও রামপুরায় চারটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে। একই সময়ে মোহাম্মদপুরের পাঁচটি স্থান ও যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
রাত সোয়া ১১টার দিকে রামপুরা ব্রিজসংলগ্ন পুলিশ বক্সের সামনে রাইদা পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
এর আগে রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা মিরপুর সুপার লিংক পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রাত সাড়ে ৯টার দিকে মহাখালীর আমতলী সড়কে সরকারি তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। পরে রাত সোয়া ১০টার দিকে বাড্ডা লিংক রোডে বৈশাখী পরিবহনের আরেকটি বাসে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার শাহজাহান মিয়া বাসে আগুন দেওয়ার ঘটনাগুলোর তথ্য নিশ্চিত করেছেন।
মোহাম্মদপুরে পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ
রাজধানীর মোহাম্মদপুরে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনারের (ডিসি) কার্যালয়সহ পাঁচটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করে পুলিশে দিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তির পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার রাত ৮টা ৪০ মিনিটে কৃষি মার্কেট এলাকায়, রাত ৯টা ৪০ মিনিটে আসাদগেটে এবং রাত পৌনে ১০টার দিকে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনারের কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ঘটে। এ ছাড়া বসিলায় র্যাব-২ কার্যালয় ও রেসিডেন্সিয়াল মডেল কলেজের পাশেও বিস্ফোরণের ঘটনা ঘটে।
একই রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় ধারাবাহিক এসব অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় জনমনে আতঙ্ক তৈরি হয়েছে। ঘটনাগুলোর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা চলছে।

No comments