আইনজীবীর ওপর হামলায় অভিযুক্ত যুবদল নেতা নয়ন, বিচারের দাবি লইয়ার্স কাউন্সিল
চ্যানেল টেন ডেস্ক :
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর হামলার ঘটনায় যুবদল নেতা নয়নসহ জড়িতদের বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার ও সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ অভিযোগ করেন, সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় সুপ্রিম কোর্ট থেকে বাসায় ফেরার পথে আজিমপুর এলাকায় পৌঁছালে নয়নের নেতৃত্বে একদল দুর্বৃত্ত অ্যাডভোকেট রাহেদুল ইসলাম রঞ্জুর গাড়ির গতিরোধ করে। পরে তাঁকে জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে একটি কক্ষে নিয়ে আটকে রাখা হয়। সেখানে লোহার রড দিয়ে পিটিয়ে তাঁর হাত-পা ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, নির্যাতনের সময় রাহেদুল ইসলাম রঞ্জু নিজেকে বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন কর্মী হিসেবে পরিচয় দিলেও হামলাকারীরা নির্যাতন চালিয়ে যায়। একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় তিনি তাঁদের কবল থেকে মুক্তি পান। পরে রাতেই তাঁকে হাসপাতালে নেওয়া হয়। হামলায় তাঁর ডান হাত ও পা মারাত্মকভাবে জখম হয়েছে।
লইয়ার্স কাউন্সিলের নেতারা বলেন, একজন আইনজীবীকে এভাবে অপহরণ করে আটকে রেখে লোহার রড দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার ঘটনা শুধু একজন ব্যক্তির ওপর হামলা নয়; এটি আইনজীবী সমাজের মর্যাদা, আইনের শাসন, নাগরিক নিরাপত্তা ও মৌলিক মানবাধিকারের ওপর সরাসরি আঘাত।
তাঁরা অভিযোগ করেন, এ ধরনের ঘটনা কোনো সভ্য ও গণতান্ত্রিক রাষ্ট্রে গ্রহণযোগ্য হতে পারে না। হামলার সঙ্গে জড়িত নয়নসহ সংশ্লিষ্ট সবাইকে অবিলম্বে শনাক্ত করে গ্রেপ্তার এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান তাঁরা।
এ ঘটনায় সুপ্রিম কোর্টের একজন আইনজীবীর সম্পৃক্ততার অভিযোগেরও সুষ্ঠু তদন্ত করে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান লইয়ার্স কাউন্সিলের নেতারা।
এদিকে, হামলার প্রতিবাদে আগামীকাল বুধবার (১৮ নভেম্বর) দেশের সব বারে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাঁদের ওপর সন্ত্রাসী হামলার বিচার করা সরকারের সাংবিধানিক ও আইনগত দায়িত্ব। সরকার এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হলে আইনজীবী সমাজ অন্যায়, সন্ত্রাস ও মানবাধিকারবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হবে।
এ ছাড়া হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার, আহত আইনজীবীর সুচিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ঘোষিত প্রতিবাদ কর্মসূচি সফল করতে বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের সর্বস্তরের নেতাকর্মী এবং দেশের সব বারের সাধারণ আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ।

No comments