বগুড়ায় কোটি টাকার মসলা আত্মসাতের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
বগুড়া প্রতিনিধি:
বগুড়ার ব্যবসায়ীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে কোটি টাকার জিরা ও মসলা কিনে আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মো. সুজন আলীকে (৪৮) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৬ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার বড়বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার (১৭ নভেম্বর) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি দল এ অভিযান পরিচালনা করে। পুলিশ জানিয়েছে, সুজন আলীর বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে একাধিক মামলা রয়েছে।
ডিবির এসআই আরিফ জানান, গ্রেপ্তার সুজন আলী ফতেহ আলী বাজারের কয়েকজন মসলা ব্যবসায়ীর কাছ থেকে কয়েক কোটি টাকার জিরা ও বিভিন্ন মসলা নিয়ে আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া বিভিন্ন ব্যাংক থেকে কোটি কোটি টাকা ঋণ নিয়ে তা আত্মসাতের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এসব ঘটনায় তার বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। তিনি সিরাজগঞ্জ সদরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, সর্বশেষ গত ১৬ নভেম্বর বগুড়া সদর থানায় প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে সুজন আলীর বিরুদ্ধে মামলা করেন মসলা ব্যবসায়ী মো. মিজানুর রহমান অপু। তিনি বগুড়া মহানগরের কাটনারপাড়ার কাজীখানা লেনে বসবাস করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মিজানুর রহমানের ‘মেসার্স রংপুর ট্রেডার্স’ নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। অন্যদিকে সুজন আলীর ‘শান্তা এন্টারপ্রাইজ’ নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। ব্যবসায়িক লেনদেনের সূত্র ধরে সুজন আলীর বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে মসলা নিয়ে মূল্য পরিশোধ না করে আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, সুজন আলীর গ্রামের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চর কাওয়াক গ্রামে। তিনি সিরাজগঞ্জ সদর থানার থানাপাড়া মিলন মোড় এলাকায় মোজাম্মেলের বাড়ির চতুর্থ তলায় ভাড়া বাসায় বসবাস করতেন।
গ্রেপ্তারের পর মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হলে বিচারক শুনানি শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

No comments