একজনের বহিষ্কারাদেশ প্রত্যাহার, একযোগে পদত্যাগ ৩১ বিএনপি নেতার
চ্যানেল টেন ডেস্ক :
লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির ৩১ নেতা পদত্যাগপত্র জমা দিয়েছেন। ওয়ার্ড কমিটির সাবেক সাধারণ সম্পাদক জাবেদ হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের প্রতিবাদে তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ভূঁইয়ার কাছে পদত্যাগপত্র জমা দেওয়া হয়। তবে পদত্যাগপত্রে ৩১ জনের স্বাক্ষর থাকলেও তা জমা দিতে উপস্থিত হন ১০ জন।
স্থানীয় সূত্রে জানা যায়, চররুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির ৫১ সদস্যবিশিষ্ট কমিটির ৩১ নেতা একযোগে পদত্যাগের সিদ্ধান্ত নেন। সাবেক সাধারণ সম্পাদক জাবেদ হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্তের প্রতিবাদে তারা এই পদক্ষেপ নেন।
পদত্যাগপত্র জমা দেওয়া নেতাদের মধ্যে রয়েছেন ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন সুমন, সহ-সভাপতি মনির উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন সেলিম, কোষাধ্যক্ষ বাবুল, সাংগঠনিক সম্পাদক সহিদ উল্যা, সহ-সাংগঠনিক সম্পাদক তছলিম উদ্দিন, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক কামাল হোসেন, প্রচার সম্পাদক আব্দুস ছাত্তার, যুববিষয়ক সম্পাদক নুর নবী, ছাত্রবিষয়ক সম্পাদক হোসেন আহাম্মদ, গণশিক্ষাবিষয়ক সম্পাদক বেল্লাল হোসেন, শ্রমবিষয়ক সম্পাদক নুর আলম, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মো. হাশেম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সম্পাদক সিরাজ, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হেলাল উদ্দিন, ক্ষুদ্রঋণ ও সমবায় সম্পাদক মো. সাজু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবুল হাশেম, সহ-সম্পাদক মো. হেলালসহ কমিটির সদস্যরা।
ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন সুমন বলেন, জাবেদ বিভিন্ন নারীকে বিধবা ভাতা দেওয়ার কথা বলে টাকা নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া জুয়াসহ বিভিন্ন অপকর্ম এবং নারীসংক্রান্ত কেলেঙ্কারির ঘটনায় তাকে আগে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। পরে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় তাদের এবং দলের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে বলে মনে করেন তারা। এ কারণে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
এ বিষয়ে সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া বলেন, তারা কোনো কর্মীকে হারাতে চান না। পদত্যাগপত্রটি তিনি আপাতত জমা রেখেছেন, তবে সাংগঠনিকভাবে গ্রহণ করেননি। ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
উল্লেখ্য, এক বিবাহিত নারীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে গত ১৩ এপ্রিল চররুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ হোসেনকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয় ইউনিয়ন কমিটি। পরবর্তী সময়ে গত ৩১ অক্টোবর সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সভাপতি মাহবুবুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন পাটোয়ারী বিটুর স্বাক্ষরে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদেই ওয়ার্ড কমিটির ৩১ নেতা পদত্যাগের সিদ্ধান্ত নেন।
.jpeg)
No comments