ছেলের ছাত্রলীগের মিছিলে নেতৃত্ব, বিএনপি নেতাকে সব দায়িত্ব থেকে অব্যাহতি
চ্যানেল টেন ডেস্ক :
চট্টগ্রামের রাউজানে মহাসড়কে টায়ার জ্বালিয়ে, ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলি ছুড়ে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার প্রায় ১৮ ঘণ্টা আগে একই এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল হয়। ওই মিছিলে নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠেছে কদলপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সেলিম উদ্দিন চৌধুরীর ছেলে সজীব উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হওয়ার পর সেলিম উদ্দিনকে দলীয় সব দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে ইউনিয়ন বিএনপি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৬ নভেম্বর) রাত সোয়া ১২টার দিকে রাউজান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ছত্তারঘাট এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে এ ঘটনা ঘটে। চার থেকে পাঁচটি মোটরসাইকেলে করে কয়েকজন যুবক সেখানে এসে সড়কের ওপর টায়ার জ্বালিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয় এবং ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ ওঠে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে হাটহাজারীর দিকে পালিয়ে যায়। পরে পুলিশ জ্বলন্ত টায়ারের আগুন নিভিয়ে সড়ক থেকে প্রতিবন্ধকতা সরিয়ে নেয়। ঘটনাস্থল থেকে তিনটি তাজা ককটেল ও একটি বিস্ফোরিত ককটেলের অংশ উদ্ধার করা হয়। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে একই দিন ভোর ৫টার দিকে ছত্তারঘাট এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের ৮ থেকে ১০ জন কর্মী ব্যানার নিয়ে কয়েক সেকেন্ডের একটি ঝটিকা মিছিল করেন। পরে তারা ঘটনাস্থল ত্যাগ করেন।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ওই মিছিলে সামনে থেকে নেতৃত্ব দেওয়া ব্যক্তির পরিচয় নিশ্চিত হয়েছে। তিনি বিএনপি নেতা মো. সেলিম উদ্দিন চৌধুরীর ছেলে সজীব উদ্দিন চৌধুরী। মিছিলে অংশ নেওয়া অন্যরা বহিরাগত বলে জানা গেছে। রাতের ঘটনায় তিনটি তাজা ককটেল ও একটি বিস্ফোরিত ককটেলের অংশ উদ্ধার করা হয়েছে। তবে ঘটনাস্থলে গুলি ছোড়া হয়েছিল কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
রাউজান উপজেলা যুবদলের সভাপতি শাহজাহান সাহিল জানান, সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নেতৃত্বে নাশকতা প্রতিরোধ এবং মানুষের জানমালের নিরাপত্তায় তারা পাহারায় ছিলেন। রাত সোয়া ১২টার দিকে এক অটোরিকশাচালকের কাছ থেকে সড়কে টায়ার জ্বালানোর খবর পেয়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা ঘটনাস্থলের দিকে রওনা দেন। তবে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলি ছুড়ে হাটহাজারীর দিকে পালিয়ে যায়। এ কারণে তাদের আটক করা সম্ভব হয়নি।
চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-ক্রীড়াবিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সুমন অভিযোগ করেন, রাউজানের প্রবেশমুখ ছত্তার ব্রিজ এলাকায় কয়েকজন সন্ত্রাসী সড়কে টায়ার জ্বালিয়ে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে তারা মাঠে রয়েছেন।
এদিকে ছেলের ছাত্রলীগের মিছিলে নেতৃত্ব দেওয়ার বিষয়টি সামনে আসার পর সেলিম উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয় কদলপুর ইউনিয়ন বিএনপি। ইউনিয়ন বিএনপির একাংশের আহ্বায়ক নজরুল ইসলাম জানান, সেলিম উদ্দিন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সমন্বয়ক ছিলেন। এর আগে তিনি যুবদলের দায়িত্বেও ছিলেন।
নজরুল ইসলাম আরও জানান, ছেলের কর্মকাণ্ডের কারণে সেলিম উদ্দিনকে আগেও কয়েকবার সতর্ক করা হয়েছিল। ছেলেকে এসব কর্মকাণ্ড থেকে বিরত রাখার পরামর্শ দেওয়া হলেও তিনি তা করতে পারেননি। এ কারণে সোমবারের ঘটনার পর তাকে দলীয় সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পরবর্তী দলীয় সভায় তার বিরুদ্ধে আনুষ্ঠানিক ব্যবস্থা নেওয়া হবে।

No comments