আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বসতঘর ভাঙচুর
চ্যানেল টেন ডেস্কঃ
ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তার ও জমিতে বেড়া দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। সংঘর্ষের সময় ১৫টি বসতঘর ভাঙচুর করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের মেহেরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মেহেরদিয়া গ্রামে কালাম মুন্সী ও নুরইসলাম মুন্সীর সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। বুধবার দুপুরে কালাম মুন্সী তাঁর ফসলি জমিতে বেড়া দিতে গেলে প্রতিপক্ষের লোকজনের সঙ্গে তাঁর বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে তাঁকে মারধর করা হয়। এর জের ধরে নুরইসলাম মুন্সী ও আনছার মাতুব্বরের সমর্থকদের সঙ্গে কালাম মুন্সীর সমর্থকদের সংঘর্ষ বাধে।
এ সময় উভয় পক্ষের লোকজন ঢাল-সড়কি ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় এক ঘণ্টা ধরে চলে ধাওয়া-পাল্টা ধাওয়া। সংঘর্ষ চলাকালে ১৫টি বসতঘর ভাঙচুর করা হয়। খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় কালাম মুন্সী ও শাহজাহান মাতুব্বরসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, মেহেরদিয়া গ্রামে সংঘর্ষের খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। কালাম মুন্সীর ফসলি জমিতে বেড়া দেওয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

No comments