ভোলায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, পুনরায় যাচাই-বাছাইয়ের দাবি
চ্যানেল টেন ডেস্কঃ
ভোলার সদর উপজেলার তিনটি ইউনিয়ন ও পৌরসভায় সার ডিলার নিয়োগে অনিয়ম, বৈষম্য ও নীতিমালা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। প্রকৃত সার ব্যবসায়ীদের বঞ্চিত করে অযোগ্য ব্যক্তিদের ডিলার নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন এক ব্যবসায়ী। এ ঘটনায় বিতর্কিত নিয়োগপ্রক্রিয়া বাতিল করে স্বচ্ছতার সঙ্গে পুনরায় যাচাই-বাছাইয়ের দাবি জানিয়েছেন তিনি।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে ভোলার স্থানীয় একটি পত্রিকা অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন শিকার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সাদমান শিকদার। তিনি ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের কানাইনগর গ্রামের মো. হোসেন শিকদারের ছেলে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাদমান শিকদার বলেন, ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা, ধনিয়া ও আলীনগর ইউনিয়ন এবং ভোলা পৌরসভা এলাকায় সার ডিলারশিপের জন্য তাঁরা আবেদন করেছিলেন। তবে ডিলার নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হয়নি বলে তাঁর অভিযোগ।
তিনি বলেন, সার ডিলার নিয়োগ নীতিমালা-২০২৬ অনুযায়ী, আবেদনকারীদের মধ্যে নিজস্ব গোডাউন রয়েছে এমন ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়ার বিধান রয়েছে। পাশাপাশি ভাড়াটিয়া গোডাউনের ক্ষেত্রে আয়তন বিবেচনায় তুলনামূলক বড় গোডাউনধারীদের অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। এ ছাড়া সংশ্লিষ্ট ইউনিয়নে স্থায়ীভাবে বসবাসকারী আবেদনকারীদেরও অগ্রাধিকার দেওয়ার বিধান রয়েছে।

No comments