ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি, ছাড়পত্র পেয়ে বাড়ি ফেরার পথে মৃত্যু
চ্যানেল টেন ডেস্ক :
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন নারী পুলিশ কনস্টেবল সাইদা আক্তার। চিকিৎসা শেষে কিছুটা সুস্থ বোধ করায় হাসপাতাল থেকে ছাড়পত্রও পেয়েছিলেন তিনি। তবে বাড়ি ফেরার পথেই আবার অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।
নিহত সাইদা আক্তার নরসিংদীর রায়পুরা উপজেলার তুলাতুলি গ্রামের আবুল কাসেমের মেয়ে। গত ১২ নভেম্বর তিনি ভৈরব থানায় যোগদান করেন। তার স্বামী জোবায়ের আহমেদ তামাবিল হাইওয়ে থানায় কর্মরত একজন পুলিশ কনস্টেবল। তাদের ছয় বছর বয়সী একটি ছেলে ও ১৯ মাস বয়সী একটি মেয়ে রয়েছে।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, ভৈরব থানায় যোগদানের পর জ্বরে আক্রান্ত হন সাইদা। পরে ছুটিতে স্বামীর বাড়ি বেলাব উপজেলার বাজনাবো ইউনিয়নে গিয়ে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। সেখানে পরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়। শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৯ নভেম্বর তাকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
নিহতের শ্বশুর মোহাম্মদ আব্দুল গফুর জানান, শনিবার দুপুরে কিছুটা সুস্থ বোধ করায় হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হন সাইদা। পথে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার আগরপুর এলাকায় পৌঁছালে তিনি আবার অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে নারী পুলিশ কনস্টেবল সাইদা আক্তারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

No comments