খুলনায় চা খেতে গিয়ে স্থানীয়দের হাতে আটক আওয়ামী লীগ নেতা
চ্যানেল টেন ডেস্ক :
খুলনায় বেড়াতে এসে চা পান করতে গিয়ে স্থানীয় লোকজনের হাতে আটক হয়েছেন গোপালগঞ্জের সাবেক এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা। রবিবার (২২ নভেম্বর) দুপুরে নগরীর কেসিসি মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয় লোকজনের মারধরের শিকার হন তিনি। পরে তাকে খুলনা সদর থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আটক ব্যক্তির নাম শেখ আবেদ আলী। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার ৩ নম্বর সুক্তাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তার বাড়ি গোপালগঞ্জের সাতুলিয়া এলাকায়। তার বাবার নাম আসলাম আলী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার দুপুর ১২টা থেকে ১টার মধ্যে খুলনা জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনের কেসিসি মার্কেট এলাকায় চা পান করছিলেন শেখ আবেদ আলী। এ সময় স্থানীয় কয়েকজন তাকে ঘিরে ধরেন। একপর্যায়ে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে স্থানীয় লোকজন তাকে মারধর করে আটক করেন এবং পুলিশে খবর দেন।
খবর পেয়ে খুলনা সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।
খুলনা সদর থানার ডিউটি অফিসার এসআই লাভলী জানান, গোপালগঞ্জ সদর উপজেলার সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শেখ আবেদ আলীকে স্থানীয় লোকজন আটক করে থানায় সোপর্দ করেছেন। দুপুর ১২টা থেকে ১টার মধ্যে কেসিসি মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি থানায় রয়েছেন।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেনও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে কী কারণে স্থানীয় লোকজন তাকে আটক করেছেন বা তার ওপর হামলা চালিয়েছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

No comments