পুলিশের ভ্যান চুরির ঘটনায় এসআইসহ চার সদস্য বরখাস্ত
চ্যানেল টেন ডেস্ক :
চট্টগ্রামে পুলিশের ভ্যান চুরির ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে এক উপপরিদর্শকসহ (এসআই) চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
রোববার (২২ নভেম্বর) এক অফিস আদেশের মাধ্যমে তাদের বরখাস্ত করা হয়।
সিএমপির জনসংযোগ কর্মকর্তা ও সহকারী পুলিশ কমিশনার আমিনুর রশিদ জানান, দায়িত্বে অবহেলার অভিযোগে চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় তদন্ত শেষে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এর আগে গত ১৮ নভেম্বর দুপুরে নগরের হালিশহরে জেলা পুলিশ লাইনসের পুনাক ক্যান্টিনের সামনে থেকে একটি পুলিশ ভ্যান চুরি হয়। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে প্রায় চার ঘণ্টা পর সন্ধ্যা ৬টার দিকে কর্ণফুলী থানা এলাকা থেকে ভ্যানটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।
উদ্ধারের পর থেকে ভ্যানটি আবারও হালিশহর থানার দায়িত্ব পালনে ব্যবহার করা হচ্ছে।

No comments