শিরোনাম

চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীর বাড়িতে গুলি করে প্রাণনাশের হুমকি



চ্যানেল টেন ডেস্ক:

চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক ভূমি ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। পরে মুঠোফোনে কল করে ওই ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে নগরের বায়েজিদ বোস্তামী থানার শহীদনগর এলাকায় ব্যবসায়ী জাফর আহমদের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী জাফর আহমদের অভিযোগ, ২০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মোহাম্মদ রায়হানের সহযোগীরা তাঁর বাড়ির একটি কক্ষের জানালা লক্ষ্য করে গুলি ছোড়েন। ঘটনার সময় তিনি ও পরিবারের সদস্যরা ওই কক্ষে না থাকায় কেউ হতাহত হননি। তবে গুলিতে জানালার কাচ ভেঙে যায়।

জাফর আহমদ জানান, প্রায় ১০ মাস আগে রায়হান তাঁকে ফোন করে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। ওই সময় তিনি নিজের ও স্ত্রীর চিকিৎসার জন্য ভারতে অবস্থান করছিলেন। বিষয়টি তখন পুলিশকে জানানো হয়। দীর্ঘদিন পর গত বুধবার আবারও চাঁদা দাবি করে তাঁকে হুমকি দেওয়া হয়।

রোববার রাতে বাড়িতে গুলি চালানোর পর আবারও ফোন করে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। তাঁর ভাষ্য, ফোনে বলা হয়, ‘আজ বাড়িতে গুলি করলাম, কাল শরীরে গুলি করব। কাফনের কাপড় কিনে রাখিস।’

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, বাড়ির মালিক জাফর আহমদ ভূমি বেচাকেনার সঙ্গে জড়িত। তাঁর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল। রাত সোয়া ১২টার দিকে দুটি মোটরসাইকেলে করে কয়েকজন এসে বাড়িটি লক্ষ্য করে গুলি ছোড়ে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।

পুলিশের তথ্য অনুযায়ী, অভিযুক্ত মোহাম্মদ রায়হান বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অন্যতম সহযোগী। তাঁর বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনে ১৫টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তবে রায়হানের অভিযোগ, সম্প্রতি তাঁর নাম ব্যবহার করে কিছু ব্যক্তি চাঁদা দাবি করছেন। দীর্ঘদিন ধরে অপরাধজগতের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ থাকা এই ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

No comments