নামাজ পড়ার পরামর্শ দেওয়ায় বৃদ্ধ নানার লাঠি ভাঙার অভিযোগ নাতি জামাইয়ের বিরুদ্ধে
বরগুনায় নামাজ পড়ার পরামর্শ দেওয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধের চলাচলের অবলম্বন লাঠি কেড়ে নিয়ে ভেঙে ফেলার অভিযোগ উঠেছে তাঁর নাতি জামাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী বৃদ্ধ।
সোমবার (১৬ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে বরগুনা সদর থানায় অভিযোগটি দায়ের করেন মাওলানা সোহরাব হোসেন। অভিযুক্ত মো. রব্বানী গাজী একই এলাকার বাসিন্দা এবং পনু গাজীর ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, মাওলানা সোহরাব হোসেন বরগুনা সদর থানাধীন লাকুরতলা সোনালীপাড়া এলাকার বাসিন্দা। অভিযুক্ত রব্বানী গাজী তাঁর বাড়ির পাশেই বসবাস করেন।
লিখিত অভিযোগে সোহরাব হোসেন উল্লেখ করেন, গত ১২ নভেম্বর দুপুর ১২টার দিকে তিনি রব্বানী গাজীকে নামাজ পড়ার পরামর্শ দেন। এতে ক্ষিপ্ত হয়ে রব্বানী তাঁর হাতে থাকা চলাচলের অবলম্বন লাঠিটি কেড়ে নিয়ে ভেঙে ফেলেন বলে অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগীর দাবি, বার্ধক্যের কারণে স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে তাঁর বেশ কষ্ট হয়। চলাচলের একমাত্র অবলম্বন লাঠিটি ভেঙে ফেলায় তিনি শারীরিক ও মানসিকভাবে বিপাকে পড়েছেন। এ ছাড়া অভিযুক্ত বিভিন্ন সময় তাঁকে পথে-ঘাটে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং ভবিষ্যতে বড় ধরনের ক্ষতি করতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
এ ঘটনায় নিজের নিরাপত্তা ও আইনি প্রতিকার চেয়ে বরগুনা সদর থানায় লিখিত অভিযোগ করেছেন ওই বৃদ্ধ। স্থানীয় বাসিন্দারাও অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাত মোহাম্মদ হাসনাইন পারভেজ বাংলা পোস্টকে বলেন, “ভুক্তভোগী মাওলানা সোহরাব হোসেন থানায় হাজির হয়ে একটি অভিযোগ দাখিল করেছেন। আমরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।”

No comments