শিরোনাম

গোপালগঞ্জে দিনভর তাণ্ডব, নাশকতার নেপথ্যে চার মূল পরিকল্পনাকারী

চ্যানেল টেন ডেস্ক:

গোপালগঞ্জে দিনভর সশস্ত্র মহড়া, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সড়ক অবরোধের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে জেলার পরিস্থিতি। শনিবার রাত থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত জেলা শহর ও টুঙ্গিপাড়ার বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে। বিএনপি ও অঙ্গসংগঠনের কার্যালয়, নেতাকর্মীদের বাড়িঘর, দোকানপাট এবং গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। ভাঙচুর করা হয়েছে পুলিশের সাঁজোয়া যান (এপিসি), পুলিশ বক্স, জুলাই স্মৃতিস্তম্ভ ও বিভিন্ন স্থাপনা। এ ছাড়া পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলার বাদী এক পুলিশ কর্মকর্তাকেও কুপিয়ে জখম করা হয়েছে।

এদিকে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেশজুড়ে সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজন মূল পরিকল্পনাকারীসহ ২৩ জন শীর্ষ ও মধ্যম সারির নেতাকে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সংশ্লিষ্ট সূত্রের দাবি, তাঁদের মধ্যে কয়েকজন সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও প্রভাবশালী ব্যবসায়ী রয়েছেন।

বাহিনীর সংশ্লিষ্ট সূত্র যুগান্তরকে জানায়, দেশের ছয়টি সীমান্ত রুট ব্যবহার করে কয়লা ব্যবসায়ী সিন্ডিকেটের আড়ালে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক দেশে প্রবেশ করছে। এসব কর্মকাণ্ডে অর্থায়ন করছেন কয়েকজন পোশাক কারখানার মালিক ও প্রভাবশালী ব্যবসায়ী। জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে ককটেল তৈরি হচ্ছে দুর্গম চরাঞ্চলে। পাশাপাশি রাজধানীর পাঁচটি বিশেষ স্থান থেকে বিস্ফোরক ও অর্থ দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেওয়া হচ্ছে বলে গোয়েন্দা তথ্যে উল্লেখ রয়েছে।

গোপালগঞ্জে দিনভর সশস্ত্র মহড়া ও ভাঙচুর

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল থেকে গোপালগঞ্জ সদরের লতিবপুর ইউনিয়নের গাবতলা মোড়ে শহরের বিভিন্ন এলাকা ও ইউনিয়ন থেকে আওয়ামী লীগ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। পরে পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন খানের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী বিসিক ব্রিজ হয়ে পুলিশের ব্যারিকেড অতিক্রম করে শহরে প্রবেশ করেন।

এ ছাড়া ঘোষেরচর দক্ষিণপাড়া থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সামিউল হক তনু এবং শহরের মিয়াবাড়ি ও নবীনবাগ এলাকা থেকে সাবেক কাউন্সিলর আলামিনের নেতৃত্বে পৃথক মিছিল বের হয়। সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকেও লগি-বৈঠা, রামদা, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে খণ্ড খণ্ড মিছিল শহরে প্রবেশ করে।

পরে পুরাতন লঞ্চঘাট এলাকায় সমবেত হয়ে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে ব্যাংকপাড়ায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে যান। সেখানে দীর্ঘদিন ধরে তালাবদ্ধ থাকা কার্যালয় খুলে দেওয়া হয়।

এরপর গোপালগঞ্জ লঞ্চঘাট এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুরের অভিযোগ ওঠে। গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের নাম পরিবর্তন করে আগের নামসংবলিত ব্যানার টাঙানো হয়। পাশাপাশি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলকও ভাঙচুর করা হয়।

একপর্যায়ে পুরাতন লঞ্চঘাট, কলেজ ও প্রেস ক্লাবের সামনের সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করা হয়। পুলিশের এপিসির ওপর উঠে স্লোগান দেওয়ার পাশাপাশি গাড়িটির গায়েও বিভিন্ন স্লোগান লেখা হয়। এ সময় প্রেস ক্লাবের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বেলা ১১টা থেকে দুপুর পৌনে ২টা পর্যন্ত গোপালগঞ্জ-পাটগাতি সড়কে যান চলাচল বন্ধ থাকে।

টুঙ্গিপাড়ায় কার্যালয়, বাড়িঘর ও দোকানে অগ্নিসংযোগ

শনিবার রাত থেকেই টুঙ্গিপাড়ার বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাত ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত খালেক বাজারের কয়েকটি দোকান, কুশলী ইউনিয়ন বিএনপির কার্যালয়, নিলফা বাজারের বিএনপি কার্যালয় এবং বর্ণী বাজারে যুবদল নেতার ব্যক্তিগত কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া যায়। এতে বিএনপির কয়েকজন নেতাকর্মী আহত হন।

রোববার বিকেল ৪টার দিকে পাটগাতি বাজারে টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের কার্যালয়ে আগুন দেওয়া হয়। বিকেল ৫টার দিকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জসিম ওরফে তাজুর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ ওঠে।

এ ছাড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তারেকের মিষ্টির দোকান, গহরডাঙ্গা চৌরঙ্গী মোড়ে মাহমুদ বিশ্বাসের দোকান এবং টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি মোল্লা এমদাদের বাড়িতে আগুন দেওয়ার খবর পাওয়া যায়।

টুঙ্গিপাড়া উপজেলা গ্রামীণ ব্যাংক কার্যালয়, বিএনপি নেতা রাজিবের ফার্নিচারের দোকান এবং পিরোজপুরের নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়ন বিএনপি কার্যালয়েও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে। উপজেলার বিভিন্ন স্থানে সড়কের বৈদ্যুতিক তারে আগুন দেওয়ার খবরও পাওয়া গেছে।

মামলার বাদী পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলার বাদী উপপরিদর্শক (এসআই) মোসলেম আলীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে। আহত অবস্থায় তাঁকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এর আগে শুক্রবার বিকেলে এসআই মোসলেম আলী বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন। টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী জানান, ওই মামলায় মোট ২ হাজার ২২৪ জনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে ২২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ২ হাজার জনকে।

ডিসি-এসপি বদলি, মোতায়েন বিজিবি

গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি বিবেচনায় রোববার জরুরি ভিত্তিতে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) বদলি করেছে সরকার। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলাজুড়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

তবে দিনভর সংঘটিত ভাঙচুর ও নাশকতার বিষয়ে পুলিশের বক্তব্যে ভিন্নতা দেখা গেছে। ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মুস্তাফিজুর রহমান বলেন, জননিরাপত্তা এবং সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা সুরক্ষায় আগে থেকেই পরিকল্পনা নেওয়া হয়েছিল। সে অনুযায়ী যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে ১ হাজার ৩৫০ জন পুলিশ সদস্য নিয়োজিত ছিলেন।

তিনি দাবি করেন, কোথাও কোনো ভাঙচুর বা নাশকতার ঘটনা ঘটেনি। পুলিশ দায়িত্বের সঙ্গে সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় মাঠে রয়েছে।

অন্যদিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী রোববার যুগান্তরকে বলেন, এসব ঘটনার সঙ্গে যারা জড়িত, তারা কেউই পার পাবে না। ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে চলমান অভিযান আরও কঠোর করা হবে।

সব মিলিয়ে গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় একদিকে যেমন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে, অন্যদিকে সম্ভাব্য নাশকতার পরিকল্পনা ও অর্থায়নের অভিযোগ ঘিরে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

No comments