বগুড়ায় ছিনতাই মামলার প্রাপ্ত আসামি ফাহিম গ্রেফতার
বগুড়ার কাহালু থানায় দায়ের হওয়া একটি ছিনতাই মামলার তদন্তে প্রাপ্ত আসামি মো. ফাহিম (২৩)-কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)। সোমবার (১৩ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে বগুড়া সদর উপজেলার সিলিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১২ জানায়, গত ১৮ জুন গভীর রাতে কাহালু উপজেলার পোড়াপাড়া বাসস্ট্যান্ড থেকে বড়মোহর এলাকায় যাওয়ার পথে একটি সিএনজিচালিত অটোরিকশার গতিরোধ করে চারজন দুর্বৃত্ত। তারা দেশীয় অস্ত্রের মুখে ভুক্তভোগী ও তার সঙ্গে থাকা ব্যক্তিদের জিম্মি করে নগদ ১০ লাখ ৮০ হাজার টাকা, হিসাবের খাতা এবং মোট ৩ লাখ ৩৮ হাজার ৪০০ টাকার দুটি স্বাক্ষরিত চেক ছিনিয়ে নেয়।
এ ঘটনায় কাহালু থানায় পেনাল কোডের ৩৯২ ধারায় একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাব-১২-এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি (সিপিএসসি) গোপন সংবাদের মাধ্যমে ফাহিমের অবস্থান নিশ্চিত করে।
পরে সোমবার রাতে বগুড়া সদর থানার সিলিমপুর এলাকায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সামনে একটি মেসে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ফাহিম শাজাহানপুর উপজেলার চককানপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কাহালু থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১২ জানায়, অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে।

No comments